আন্তর্জাতিক দাবায় যে অভিজ্ঞতা প্রথম হলো ফাহাদের
এ বছর প্রথম ছয় মাসে সপ্তম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট খেলছেন ফাহাদ রহমান। এর মধ্যে ভিয়েতনামে দুটি টুর্নামেন্টে আশা জাগিয়েও শেষ দিকে বাজে খেলে নিজের প্রথম গ্র্যান্ডামাস্টার নর্ম হাতছাড়া করেছেন। সেই হতাশা ভুলতে গিয়েছিলেন থাইল্যান্ড আন্তর্জাতিক চেস ওপেন ২০২৩-এ অংশ নিতে। থাইল্যান্ডের চিয়াং মাই শহরে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় ভালো শুরুও করেন ফাহাদ। তিন রাউন্ড শেষে আড়াই পয়েন্ট নিয়ে তিনজনের সঙ্গে ছিলেন যুগ্মভাবে শীর্ষে। কিন্তু আজ চতুর্থ রাউন্ডে খেলতেই পারলেন না। ওয়াকওভার দিয়েছেন চীনের গ্র্যান্ডমাস্টার জু ইউয়িকে।
গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফাহাদ। ভুগছিলেন পেটের পীড়ায়। ফলে আজ সকালে বিছানা থেকে উঠতে পারেননি। আয়োজকেরা ফোন করলে জানিয়ে দেন, এ অবস্থায় তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। আন্তর্জাতিক দাবায় এভাবে ওয়াকওভার দেওয়া ফাহাদের জন্য প্রথম ঘটনা।
মুঠোফোনে ফাহাদ প্রথম আলোকে বলেন, ‘এখানে অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে হয়। খাবারে কোনো সমস্যা হয়েছে। যার ফলে পেটের পীড়া দেখা দেয় আমার। অবস্থা এতটাই খারাপ ছিল যে হোটেল থেকে বেরই হতে পারিনি। তাই খেলা হলো না চতুর্থ রাউন্ডটা। ম্যাচ শুরুর সময় ছিল সকাল ৯টায়।’
আজই সন্ধ্যার পর অবশ্য অনেকটা সুস্থ হয়ে যান ফাহাদ। আগামীকাল পঞ্চম রাউন্ডে খেলতে চান। কিন্তু ওয়াকওভার দেওয়ায় ফাহাদের বিরাট ক্ষতিই হয়ে গেল। বাকি পাঁচ রাউন্ড থেকে সাড়ে ৪ পয়েন্ট পেলেও তাঁর গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম হবে না। কারণ, জিএম নর্ম পেতে হলে ৭ পয়েন্টের পাশাপাশি তিন গ্র্যান্ডমাস্টারের সঙ্গে খেলতে হয়। থাইল্যান্ডের এই টুর্নামেন্টে খেলছেনই তিন গ্র্যান্ডমাস্টার। ১৩ দেশের টুর্নামেন্টে ৩ গ্র্যান্ডমাস্টার ছাড়াও খেলছেন ১ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৬ জন আন্তর্জাতিক মাস্টার, ১১ জন ফিদে মাস্টারসহ ৩৬ দাবাড়ু।
বাস্তবতা বিবেচনায় ফাহাদ এই টুর্নামেন্টে বাকি পাঁচ রাউন্ড রেটিং বাড়ানোর জন্য খেলবেন। থাইল্যান্ড যাওয়ার আগে তাঁর রেটিং ছিল ২৪২৮। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বেড়েছে ৪। তাঁর লক্ষ্য, রেটিং ২৫০০-তে নিয়ে যাওয়া। জিএম হতে হলে তিনটি নর্মের পাশাপাশি রেটিং হতে হয় ২৫০০। ‘যেহেতু থাইল্যান্ডের এই টুর্নামেন্ট থেকে আমার আর নর্ম অর্জনের সুযোগ নেই, তাই বাকি ম্যাচগুলোয় চেষ্টা করব রেটিং বাড়িয়ে নিতে’—বলেছেন হতাশ ফাহাদ।