হংকংকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে বাংলাদেশের মেয়েরা

৬–০ গোলে জিতেছে বাংলাদেশহকি ফেডারেশন

জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল উঠেছে বাংলাদেশের মেয়েরা।

চায়নিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানের পর আজ শেষ গ্রুপ ম্যাচে হংকংকে ৬-০ গোলে উড়িয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।

চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের প্রথম গোলটি আসে অধিনায়ক শারিকা রিমনের স্টিকে। আইরিন রিয়া ও মোসাম্মত রিমা দুজনই জোড়া গোল করেন। অন্য গোলটি করেন কনা আক্তার। দলের প্রথম গোলটি ছিল পেনাল্টি কর্নারে এবং বাকি পাঁচটি গোলই আসে ফিল্ড গোল থেকে। ম্যাচসেরা হয়েছেন কনা আক্তার।

১০ দলের এই টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল উঠে এসেছে শেষ আটে। বাংলাদেশ ছাড়াও এই পুল থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কাজাখস্তান ও পাকিস্তান।

আরও পড়ুন

এলিট পুলের পাঁচ দল—স্বাগতিক চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া। সঙ্গে চ্যালেঞ্জার পুলের তিন দল নিয়ে হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। আগামীকাল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে এলিট পুলের সম্ভাব্য তৃতীয় দল দক্ষিণ কোরিয়া বা জাপানের।

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল উঠেছে বাংলাদেশের মেয়েরা
হকি ফেডারেশন

কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশ দলের কোচ জাহিদ হোসেন পেনাল্টি কর্নারে আরও উন্নতির সুযোগ দেখছেন। হংকংকে উড়িয়ে তিনি বলেছেন, ‘এই জয়ে আমরা খুশি। তবে পেনাল্টি কর্নারে আমাদের আরেকটু নজর দিতে হবে। কোয়ার্টার ফাইনালে আমরা এমন দুর্বল টিম পাব না। পেনাল্টি কর্নারে যে ভুলগুলো হয়েছে, তা নিয়ে আমরা কাজ করব।’

আরও পড়ুন