১৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে জুয়েলের অভিনন্দনে সিক্ত নাহিদ
দুজন সাঁতারুই উঠে এসেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। মাহমুদুন্নবী নাহিদ ও জুয়েল আহমেদের মধ্যে চাইলে আরও একটা মিল খুঁজে নেওয়া যায়। দুজনেরই প্রিয় ইভেন্ট বাটারফ্লাই। ১৭ বছর আগে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার বাটারফ্লাইয়ে নতুন রেকর্ড গড়েছিলেন জুয়েল। আজ জুয়েলের সেই রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু নাহিদ।
তিনি সময় নিয়েছেন ২৫.৬৯ সেকেন্ড। এর আগে ২০০৫ সালে নৌবাহিনীরই হয়ে জুয়েল রেকর্ডটি করেছিলেন ২৫.৭৪ সেকেন্ড সময় নিয়ে।
সাঁতার শেষ করে যখন আঙুল উঁচিয়ে বিজয়সূচক চিহ্ন দেখাচ্ছিলেন নাহিদ, শেষ বিকেলে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুদের উল্লাসধ্বনি, করতালিতে মুখর হয়ে ওঠে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স। পুল থেকে উঠতেই জুয়েল আহমেদ জড়িয়ে ধরেন নাহিদকে।
নাহিদের প্রিয় ইভেন্ট বাটারফ্লাই। জাতীয় প্রতিযোগিতায় শুধু ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নেন তিনি। ৫০ মিটার বাটারফ্লাইয়ে ২৫.৬৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতলেও নিজের টাইমিংয়ে অতৃপ্তি আছে নাহিদের, ‘আত্মবিশ্বাস ছিল রেকর্ড করব। কিন্তু টাইমিং এর চেয়েও ভালো হওয়া উচিত ছিল।’
বাস্তবতা হচ্ছে নাহিদের পারফরম্যান্স মোটেও আন্তর্জাতিক মানের নয়। ২০১৯ সালে সর্বশেষ এসএ গেমসে কাঠমান্ডুতে ১০০ মিটার বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ জেতেন নাহিদ। কিন্তু ৫০ মিটারে হয়েছিলেন চতুর্থ। এবারও যে টাইমিং করেছেন, এসএ গেমসে ব্রোঞ্জ জিততে হলে অনেক উন্নতি করতে হবে তাঁকে। ৫০ মিটার বাটারফ্লাইয়ে ২৪.৫১ সেকেন্ড সময় নিয়ে গত এসএ গেমসে ব্রোঞ্জ জেতেন শ্রীলঙ্কার আকালাঙ্কা পেইরিস। সেই টাইমিংয়ের চেয়েও ১.১৮ সেকেন্ড পিছিয়ে নাহিদ!
করোনার দীর্ঘ বিরতির পর নভেম্বর থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেই ক্যাম্পে আছেন নাহিদ। এবারের রেকর্ড টাইমিং সেই অনুশীলনেরই ফল নাহিদের, ‘আমাদের ক্যাম্প চলছে। তা ছাড়া নৌবাহিনীর সহযোগিতা পেয়েছি। এ জন্যই রেকর্ডটা হয়েছে।’
বাজে পারফরম্যান্সের কারণে হতাশ হয়ে ২০১৪ সালে সাঁতার ছাড়তে চেয়েছিলেন নাহিদ, ‘একটা সময় মনে হচ্ছিল আমাকে দিয়ে কিছু হবে না। তাই সাঁতার ছাড়তে চেয়েছিলাম। তবে এখন যেভাবে অনুশীলন করছি, আশা করি পরের এসএ গেমসে ভালো কিছু হবে। রুপা বা সোনা জেতার চেষ্টা থাকবে।’
নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় মোটেও দুঃখ নেই জুয়েলের, ‘অবশেষে রেকর্ডটা ভেঙেছে বলে খুশি। তবে আরও আগে এই ইভেন্টে নতুন রেকর্ড হলে ভালো লাগত। আমাদের সাঁতারে যে উন্নতি নেই, এত দিন পর রেকর্ড ভাঙাতেই সেটা বোঝা যায়।’
দ্বিতীয় দিনে সব মিলিয়ে ৫টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে ১টি রেকর্ড হয়েছে ডাইভিংয়ে। সাঁতারে ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নতুন রেকর্ড করেছেন নৌবাহিনীর কাজল মিয়া।
ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ও মেয়েদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে নতুন রেকর্ড গড়েছেন নৌবাহিনীর যূথী আক্তার। ডাইভিংয়ের এক মিটার স্প্রিংবোর্ডের রেকর্ডটি নৌবাহিনীর সাদী মোহাম্মদ মহসিনের।