নিষিদ্ধ ভারতের জন্য ৭ দিন অপেক্ষা
সাফের আসন্ন দুটি টুর্নামেন্টের গ্রুপিং চূড়ান্ত হয়েছে আগেই। ভারত যেহেতু সোমবার রাতে ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে, তাই তাদের জন্য আগামী সাত দিন অপেক্ষা করবে সাফ কর্তৃপক্ষ।
এই সময়ের মধ্যে ভারত নিষেধাজ্ঞামুক্ত হলে ঘোষিত সূচি অনুযায়ীই চলবে সবকিছু। নিষেধাজ্ঞামুক্ত না হলে ভারতকে বাদ দিয়েই টুর্নামেন্ট দুটির সূচি পুনর্নির্ধারণ করা হবে। আজ অনলাইনে সাফের এক সভায় হয়েছে এ সিদ্ধান্ত।
সভা শেষে সাফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ আগস্ট পর্যন্ত ভারতের জন্য অপেক্ষা করা হবে। এই সময়ের মধ্যে ভারতের খেলা নিশ্চিত হলে তাদের রেখেই সূচি এগিয়ে যাবে। অন্যথায় পুনরায় সূচি করা হবে।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল পরে প্রথম আলোকে বলেন, ‘ভারতের জন্য কয়েক দিন অপেক্ষা করার প্রয়োজন। যত দূর জানতে পারছি, ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে কাজ করছে দেশটির সরকার। আশা করি, তারা এই সময়ের মধ্যে খেলা নিশ্চিত করবে। আর সেটা না হলে সূচি কিছুটা বদল হবে। ভারত ফিফা নিষেধাজ্ঞামুক্ত হোক বা না হোক, টুর্নামেন্ট দুটি পেছানোর কোনো সম্ভাবনা নেই।’
৬-১৯ সেপ্টেম্বর নেপালে অনুষ্ঠেয় মেয়েদের ষষ্ঠ সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার সাতটি দলই নিবন্ধন করেছিল। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ ও পাকিস্তানকে নিয়ে ‘এ’ গ্রুপ। এখন ভারত না থাকলে বাকি ৩টি দল নিয়ে ‘এ’ গ্রুপের খেলা হবে। তাতে গ্রুপিংয়ে আসবে সমতাও। প্রতি গ্রুপেই থাকবে তিনটি দল। ‘বি’ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।
৫-১৪ সেপ্টেম্বর ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের স্বাগতিক শ্রীলঙ্কা। পাকিস্তান ছাড়া নিবন্ধন করেছিল ছয়টি দল। ভারত না খেলতে পারলে দল হবে পাঁচটি। এই পাঁচ দল নিয়ে লিগভিত্তিক খেলা হওয়ারই সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক।
সাফের আজকের সভায় আগামী চারটি টুর্নামেন্টের সূচির প্রাথমিক সময় ঠিক করা হয়েছে। সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের প্রস্তাবিত সময় ৩-১৩ ফেব্রুয়ারি। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ১০-২০ মার্চ, সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জুলাই-আগস্ট, সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ অক্টোবর-নভেম্বর।