গরমে কাহিল হয়ে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন শীর্ষ বাছাই সিনার
গরমে কারণে হিটস্ট্রোকের মতো শারীরিক সমস্যায় পড়ে এবং হুয়ান ম্যানুয়াল সেরুন্দোলোর দুর্দান্ত প্রত্যাবর্তনের সামনে হার মেনে ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার।
অথচ ম্যাচের একপর্যায়ে জয়টা ছিল সিনারের হাতছোঁয়া দূরত্বে। প্রথম দুই সেটে জয়ের পর তৃতীয় সেটেও সিনার এগিয়ে ছিলেন ৫-১ ব্যবধানে। কিন্তু এ সময়েই হঠাৎ করে শারীরিক সমস্যায় ভুগতে দেখা যায় এই ইতালিয়ানকে।
সুস্থ হতে এরপর মেডিক্যাল টাইম-আউটও নেন সিনার। তবে চিকিৎসা নিয়ে কোর্টে ফিরে এলেও আর ম্যাচে ফেরা হয়নি তাঁর। এরপর টানা ১৮ পয়েন্ট হারান ২৪ বছর বয়সী এই তরুণ। শেষ পর্যন্ত ৩-৬, ২-৬, ৭-৫, ৬-১, ৬-১ গেমে হেরে যান বিশ্ব র্যাঙ্কিংয়ের ৫৬ নম্বরে থাকা সেরুন্দোলোর কাছে।
প্রতিযোগিতা থেকে বিদায়ের প্রতিক্রিয়ায় সিনার বলেন, ‘আমি বেশ ভুগছিলাম। মাথা খুব ঘুরছিল, শরীরেও একদম শক্তি পাচ্ছিলাম না। কোনোভাবে সার্ভিস গেমটা শেষ করার চেষ্টা করেছি, কিন্তু শক্তি খুব কম ছিল।’
ম্যাচ শেষে নিজেকে ভাগ্যবান দাবি করে সেরুন্দোলো বলেন, ‘হয়তো আমি একটু ভাগ্যবান ছিলাম। ওর জন্য খারাপ লাগছে। আমি জানি না কী হয়েছে। মনে হচ্ছিল, সে ক্র্যাম্পে ভুগছিল। হয়তো চাপের কারণেও এমন হতে পারে। আমি তার জন্য দুঃখিত। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
এই জয়ের মাধ্যমে সেরুন্দোলো সাম্প্রতিক সময়ের টেনিসের সবচেয়ে বড় চমকগুলোর একটি ঘটিয়ে শেষ-৩২ রাউন্ডে উঠলেন। সেখানে আর্জেন্টাইন এই তরুণ মুখোমুখি হবেন স্পেনের তরুণ মাটিন লান্দালুচে কিংবা চেক প্রজাতন্ত্রের ভিট কোপরিভার সঙ্গে।
প্যারিসে পুরো সপ্তাহজুড়েই অস্বাভাবিক গরমে খেলোয়াড়দের ভোগান্তি চলছে। বুধবার ম্যাচ জয়ের পর চেক তারকা জাকুব মেনসিক ক্র্যাম্পের কারণে কোর্টেই পড়ে যান। অন্যদিকে নোভাক জোকোভিচ ম্যাচের সময় পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে খেলোয়াড়রা এই প্রচণ্ড গরমের প্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা পান।