এবার কোকেন নিয়ে নিষিদ্ধ কিরিওস, বললেন বড় ভুল করেছেন

অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কিরিওসএএফপি

অস্ট্রেলিয়ার টেনিস তারকা নিক কিরিওসের ডোপ পরীক্ষায় কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে। আজ এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)। তাঁকে টেনিস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আইটিআইএর বিবৃতিতে বলা হয়, ‘২০২৬ সালের ১৭ জুলাই বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) স্বীকৃত ল্যাবরেটরি (কিরিওসের শরীরে) কোকেনের বিপাকীয় উপাদান বা মেটাবোলাইট “বেঞ্জয়েলকগোনিনে”র উপস্থিতি নিশ্চিত করেছে।’

২০২২ উইম্বলডনের ফাইনালে খেলা কিরিওস এর প্রতিক্রিয়ায় বলেন, তিনি ‘বড় ভুল’ করে ফেলেছেন। গত ২২ জুন স্পেনের মায়োর্কায় এটিপি টুর্নামেন্টে খেলার সময় ডোপ টেস্টে ব্যর্থ হন ৩১ বছর বয়সী কিরিওস।

প্রতিভাধর এই টেনিস তারকা খেলার চেয়ে বেশি শিরোনাম হয়েছেন নানা বিতর্ক তৈরি করে। চোটও তাঁর ক্যারিয়ারে বড় বাধা। কোকেনের অস্তিত্ব ধরা পড়ার পর কিরিওস ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি এ ঘটনার ‘সম্পূর্ণ দায়’ নিচ্ছেন। ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে কিরিওস লেখেন, ‘আমি একটা বড় ভুল করেছি। ভক্ত, পরিবার, স্পনসর এবং ঘনিষ্ঠ সবার কাছে ক্ষমা চাচ্ছি। সবকিছুর ওপরে আমি সেই সব শিশুদের কাছে ক্ষমাপ্রার্থী, যারা আমাকে অনুসরণ করে। আমি জানি, এতে কেমন উদাহরণ তৈরি হয় এবং সে জন্য আমি নিজে অত্যন্ত লজ্জিত।’

মেজাজ হারানোর জন্য কুখ্যাতি আছে কিরিওসের
রয়টার্স

শক্তিশালী সার্ভিস ও জোরালো গ্রাউন্ড স্ট্রোকের জন্য কিরিওসের আলাদা পরিচিতি আছে টেনিস–বিশ্বে। এটিপি ট্যুরে সাতটি একক শিরোপা জয়ের পাশাপাশি ২০১৬ সালে র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৩তম স্থানে উঠেছিলেন। ২০২২ উইম্বলডন ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হারেন কিরিওস। সহজাত প্রতিভা থাকলেও র‌্যাঙ্কিংয়ে কিরিওস এখন ৯১৯তম। সাম্প্রতিক সময়ে একক ম্যাচ খেলেননি বললেই চলে। গত জানুয়ারিতে কিরিওস স্বীকার করেন, তিনি আর কখনোই আগের ছন্দে ফিরতে পারবেন না।

টেনিসের ‘বিগ ফোর’–খ্যাত রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারের বিপক্ষে ট্যুর পর্যায়ে জয় পাওয়া কিছু খেলোয়াড়ের একজন কিরিওস।

আরও পড়ুন

মাঠের বাইরে কিরিওসকে বেশ বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তাঁর ডান কনুই, বাঁ কবজি, নিতম্ব, হাঁটু, কাঁধ ও কলারবোনে গুরুতর চোট আছে। অসংখ্যবার অস্ত্রোপচার করিয়েছেন, যার মধ্যে সবচেয়ে গুরুতর ছিল ২০২৪ সালে তাঁর ডান কবজির সম্পূর্ণ পুনর্গঠন বা ‘রিকনস্ট্রাকশন সার্জারি’।

একের পর এক বিতর্কে জড়িয়েছেন নিক কিরিওস
ফাইল ছবি

কিরিওসের মতে, এই চোটগুলো তাঁর ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।’ ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়া নিয়ে কিরিওস বলেন, ‘আমি যা করেছি, তার কোনো অজুহাত হতে পারে না। তবে ভালো খবর হলো, এটি আমার চোখ খুলে দিয়েছে। আমি দুঃখিত এবং আরও ভালোভাবে ফিরে আসব।’

আইটিআইএ জানিয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞা ৪ আগস্ট থেকে কার্যকর হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ‘নিষেধাজ্ঞার মেয়াদকালে কিরিওস ওয়ার্ল্ড টেনিস, ডব্লিউটিএ, এটিপি, গ্র্যান্ড স্লাম বা কোনো জাতীয় অ্যাসোসিয়েশনের আয়োজিত বা অনুমোদিত কোনো টুর্নামেন্টে খেলতে, কোচিং করাতে বা উপস্থিত থাকতে পারবেন না।’

আরও পড়ুন