চার বছর পর রিবাকিনার গ্র্যান্ড স্লাম জয়, পারলেন না সাবালেঙ্কা

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ইয়েলেনা রিবাকিনাএএফপি

চার বছরের অপেক্ষার অবসান হলো ইয়েলেনা রিবাকিনার। ২০২২ সালের উইম্বলডন জয়ের পর আবার গ্র্যান্ড স্লাম জিতলেন কাজাখস্তানের টেনিস তারকা। আজ মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন মস্কোয় জন্ম নেওয়া পঞ্চম বাছাই রিবাকিনা। সাবালেঙ্কা টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারলেন।

ফাইনালে ফেবারিট তকমাটা বরাদ্দ ছিল আরিনা সাবালেঙ্কার জন্যই। তবে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বলছিল ইয়েলেনা রিবাকিনা কঠিন প্রতিপক্ষই শীর্ষ বাছাই সাবালেঙ্কার জন্য। সাবালেঙ্কা ৮-৬ ব্যবধানে এগিয়ে থাকলেও দুজনের সর্বশেষ ৯ লড়াইয়ে টানা দুবার জিততে পারেননি কেউ। এক ম্যাচ রিবাকিনা জেতেন তো, পরের ম্যাচে সাবালেঙ্কার জয়। এই হিসাব মেনে চললে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের সাবালেঙ্কারই জয়ের কথা। তবে সেই ধারা ভাঙলেন রিবাকিনা। সাবালেঙ্কাকে হারিয়ে জিতে গেলেন ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন।

ম্যাচের পর পরস্পরকে আলিঙ্গনে বাঁধলেন আরিনা সাবালেঙ্কা ও ইয়েলেনা রিবাকিনা
এএফপি

২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনেই এই রিবাকিনাকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সাবালেঙ্কা। তিন বছর পর ‘প্রতিশোধ’ নিয়ে নিলেন রিবাকিনা। টানা চার বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠা সাবালেঙ্কা হারলেন সর্বশেষ টানা দুই ফাইনালে।

আরও পড়ুন

আজ রিবাকিনা শুরুই করেছিলেন সাবালেঙ্কার সার্ভিস ব্রেক করে। এরপর নিজের সার্ভিসগুলো ধরে রেখে ৩৭ মিনিটেই প্রথম সেটটি ৬-৪ গেমে জিতে নেন ২৬ বছর রিবাকিনা।

ম্যাচের প্রথম গেমেই সাবালেঙ্কার সার্ভিস ব্রেক করেন রিবাকিনা
এএফপি

দ্বিতীয় সেটে প্রথম আট গেমে যাঁর যাঁর সার্ভিস ধরে রাখেন দুজন। ১০ নম্বর গেমে রিবাকিনার সার্ভিস ব্রেক করে সেটটা ৬-৪ গেমে জিতে নেন সাবালেঙ্কা।

সাবালেঙ্কা রিবাকিনার সার্ভিস ব্রেক করেছেন তৃতীয় সেটের দ্বিতীয় গেমেও। ৩–০ গেমে এগিয়ে যাওয়ার পরই অবশ্য খেই হারিয়েছেন সাবালেঙ্কা। টানা দুই গেমে সার্ভিস ব্রেক করে উল্টো ৪-৩ গেমে এগিয়ে যান রিবাকিনা। সাবালেঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেননি।

আরও পড়ুন