কবজির চোটে ফ্রেঞ্চ ওপেনে অনিশ্চিত আলকারাজ

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ।এএফপি

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের জমকালো আসরে গতকাল দেখা গেল তাঁকে। কবজিতে ব্যান্ডেজ, চোখে যেন অপেক্ষা। ডান হাতের এই কবজি থেকে বেরোনো শটে কত প্রতিপক্ষকে ঘায়েল করেছেন কার্লোস আলকারাজ। সেই কবজিই তাঁকে ফেলে দিয়েছে বিশাল অনিশ্চয়তায়। চোটের যা অবস্থা, তাতে ফ্রেঞ্চ ওপেনে গত দুবারের চ্যাম্পিয়নের খেলা এখন বিশাল এক প্রশ্নবোধক চিহ্নের সামনে।

আরও পড়ুন

কবজির এই চোটেই গত সপ্তাহে বার্সেলোনা ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছিলেন। আশা করেছিলেন মাদ্রিদ ওপেন দিয়ে ফিরবেন। কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাওয়া মাদ্রিদ ওপেন থেকেও নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন বিশ্বের এই ২ নম্বর তারকা। চোটের ধরন নিয়ে আলকারাজ নিজেই এখন বেশ চিন্তিত। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টিভিইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘চোটটা আমাদের ধারণার চেয়ে বেশি গুরুতর।’

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে গতকাল বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার হাতে নেওয়ার সময়ও আলকারাজের হাতে ব্যান্ডেজ দেখা গেছে।
রয়টার্স

আগামী কয়েক দিনের মধ্যে আলকারাজের কবজিতে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এই পরীক্ষার ফলই ঠিক করে দেবে ২৪ মে থেকে শুরু হতে যাওয়া ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখতে তিনি কোর্টে নামতে পারবেন কি না। স্প্যানিশ এই তারকা অবশ্য কোনো তাড়াহুড়া করতে চান না। আলকারাজ পরিষ্কার বলে দিয়েছেন, ‘আমি বরং একটু দেরি করেই ফিরতে চাই, তবে সেটা হতে হবে শতভাগ ফিট হয়ে। ফিট না হয়ে তড়িঘড়ি করে ফেরাটা ঠিক হবে না। সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। রোলাঁ গারোর জন্য জোর করতে গিয়ে ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে চাই না।’

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে গতকাল বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার হাতে নেওয়ার সময়ও আলকারাজের হাতে ব্যান্ডেজ দেখা গেছে। স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক আনহেল গার্সিয়া মুনিজের দেওয়া তথ্যমতে, আলকারাজের কবজির পেশিবন্ধনীতে প্রদাহ দেখা দিয়েছে। অবস্থা এতটাই বেগতিক যে চার দিন ধরে তিনি কবজি নাড়াতেই পারছেন না। এখন আলট্রাসাউন্ড রিপোর্টের ওপরই নির্ভর করছে কবে তিনি আবার কোর্টে ফিরতে পারবেন।

আরও পড়ুন

১৩ এপ্রিল মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে এরই মধ্যে র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর স্থান হারিয়েছেন আলকারাজ। এখন কি চোটের কাছে হার মেনে প্রিয় রোলাঁ গারোতেও দর্শক হয়ে থাকতে হবে সাতটি গ্র্যান্ড স্লামজয়ী এই তারকাকে!