এখনই নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দল!
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ অক্টোবর-নভেম্বরে। প্রায় সাড়ে তিন মাস আগেই ওই সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করে দিলেন নির্বাচকেরা। ৩০ জনের দল, তাই জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদেরও প্রায় সবাই আছেন এখানে।
ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে যাওয়া স্পিনার এনামুল হক জুনিয়র ও অস্ত্রোপচার করাতে অস্ট্রেলিয়ায় থাকা পেসার নাজমুল হোসেনকে ডাকা হয়নি অনুমিত কারণেই। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানকে ঠিকই ডাকা হয়েছে। প্রধান নির্বাচক আকরাম খান জানালেন কারণটা, ‘সাকিব এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। হয়তো দু-এক দিনের মধ্যেই জানাবে।’ বলা হচ্ছে সিরিজের প্রাথমিক দল, তবে এত আগে ৩০ জনকে বাছাই করার কারণ অবশ্য অন্য।
আগামীকাল মিরপুরে ক্যাম্প শুরু করছেন কোচ শেন জার্গেনসন, যেটিতে প্রথমে কাজ করা হবে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে।
প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, এনামুল হক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মোশাররফ হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, ইমরুল কায়েস, রকিবুল হাসান, ফরহাদ রেজা, সাকলাইন সজীব, মেহরাব হোসেন জুনিয়র, নাজমুল হোসেন (মিলন), সাজেদুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক।