কোপা আমেরিকায় চোখ ‘ব্লু সামুরাই’দের
চতুর্থবারের মতো এশিয়ান কাপ জিতে আনন্দে ভাসছে ‘ব্লু সামুরাই’-জাপানিরা। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার সাফল্যের পর এশিয়ান কাপের পুরো আসরেই দুর্দান্ত পারফরম্যান্স জাপানি ফুটবলের লক্ষ্যকে আরও দূর-দিগন্ত স্পর্শী করে তুলেছে। তাদের পরবর্তী লক্ষ্য জুলাইয়ের কোপা আমেরিকার চ্যালেঞ্জ। ওকাদা তাকেশির কাছ থেকে বিশ্বকাপের পরপরই দায়িত্ব নিয়েছিলেন আলবার্তো জাকেরনি। ইতালীয় বংশোদ্ভূত এই কোচ নিজের কোচিং ক্যারিশমায় জাপানের আত্মবিশ্বাসের পারদ তুলে দিয়েছেন অনেক ওপরে। আর সেই আত্মবিশ্বাসের ওপর ভর করেই এবারের এশিয়ান কাপের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে অতিরিক্ত সময়ের চকিত গোলে হারিয়ে জাপান নিজেদের মাথায় পরেছে এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট।জাপানের এ দলটি বৈচিত্র্যের শক্তিতে পরিপূর্ণ। এশিয়ান কাপের অনেকগুলো ম্যাচেই জাপান সাফল্য পেয়েছে বদলি খেলোয়াড়দের কৃতিত্বে। যে দলের সাইড বেঞ্চ এত শক্তিশালী সে দলের কোচ হতে পেরে যারপরনাই আনন্দিত কোচ জাকেরনি। জাপানি একটি বার্তা সংস্থাকে তিনি বলেছেন, ‘যে দলের বদলি খেলোয়াড়েরা এশিয়ান কাপের মতো একটি বড় প্রতিযোগিতার ফল নির্ধারণী নিয়ামক হতে পারেন, সেই দলকে প্রশিক্ষক হতে পেরে আমি দারুণ আনন্দিত। আমি জাপানের কোচ হতে পেরে সত্যিই গর্বিত।’জাপান আগামী জুলাইয়ে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় প্রতিযোগিতা কোপা আমেরিকায় অতিথি দল হিসেবে খেলবে। জাকেরনি মনে করেন, এশিয়ান কাপের পর কোপা আমেরিকার আসরটি হবে জাপানের জন্য দারুণ একটা অভিজ্ঞতা। কোপা আমেরিকা জাকেরনিকে আরও স্বপ্ন দেখাচ্ছে, কারণ এই আসরে জাপান খেলতে নামবে আর্জেন্টিনার সঙ্গে। এবং গত অক্টোবরেই যে আর্জেন্টিনাকে জাপান হারিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের প্রমাণ করেছে।‘এশিয়ান কাপে যদি জাপান এত ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে কোপাতে সাফল্য না পাওয়ার কোনো কারণ আমি দেখি না।’ জাকেরনির অভিমত। তবে জাকেরনি এশিয়ান কাপের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখেন না। তাঁর মতে, ‘এশিয়ান কাপের চেয়ে কোপা আমেরিকার মান অনেক উন্নত। এখানে ব্রাজিল, চিলি, উরুগুয়ে ও আর্জেন্টিনার মতো দলগুলো খেলবে। তবে, এ প্রতিযোগিতা থেকে জাপানি খেলোয়াড়েরা ভবিষ্যতের পাথেয় সংগ্রহ করতে পারবে বলেই আমার বিশ্বাস।’