ডিয়েগো ফোরলানকে ধরে চুমু খাচ্ছেন কোচ অস্কার তাবারেজ। লুইস সুয়ারেজ, ডিয়েগো লুগানো, এডিনসন কাভানিরা উল্লাস করছেন, হুল্লোড় তুলছেন। কয়েক হাত দূরে দাঁড়িয়ে তা দেখছেন প্যারাগুয়ের খেলোয়াড়েরা। আসলে দেখছেন না, চোখ বুলাচ্ছেন, দৃশ্যের মধ্যে ঢুকছেন না! তাঁরা ভাবছেন নিজেদের নিয়েই। এমন দৃশ্যের জন্ম তাঁদের হাতেও হতে পারত। উরুগুয়ে না জিতে ৩২ বছর পর কোপা আমেরিকার ট্রফিটা তাঁরাও জিততে পারতেন, যেটি হতো তাঁদের তৃতীয় শিরোপা। এসব কিছুই না, আসলে জাস্তো ভিলার, নেলসন ভালদেসরা কিছুই দেখছিলেন না, নিজেদের নিয়েও আকাশকুসুম ভাবছিলেন না। তাঁরা নিরুচ্চারে শ্রদ্ধার ফুল ছিটাচ্ছিলেন উরুগুয়েকে। না হলে ঠোঁটের কোণে একটা হাসি লেগে থাকবে কেন?পরশু শ্রদ্ধা পাওয়ার মতোই খেলেছে উরুগুয়ে। প্যারাগুয়েকে হারিয়ে জিতেছে কোপার রেকর্ড ১৫তম শিরোপা। আর্জেন্টিনার বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামেই ১৪ শিরোপা জেতা আর্জেন্টিনাকে ফেলেছে পেছনে। ম্যাচ শেষে বাদামি চোখের ফোরলান উৎ সবের মধ্যমণি হওয়ার কারণ, একটু আগে মাঠে উরুগুয়ের জয়কাব্য রচনায় এই ফোরলানই বড় নায়ক। উরুগুয়ের ৩-০ গোলের জয়ে দুটিই করেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। অন্য গোলটি করেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজ।এক জরিপে ৮৭.৭৩ শতাংশ ভোটার ফোরলান-সুয়ারেজদের বলেছিল চ্যাম্পিয়ন। প্যারাগুয়ের পক্ষে ছিল মাত্র ১২.২৭ শতাংশ জনমত! প্যারাগুয়ে মাঠেও খেলল যেন এই জরিপ অনুসরণ করে। তাদের খেলায় ছিল না সৃষ্টিশীলতা, কোনো পরিকল্পনা! কোনো ম্যাচ না জিতেই স্রেফ ভাগ্যের চাকায় চড়ে ফাইনালে, উরুগুয়েকে যেন আগেই চ্যাম্পিয়ন মেনে নেয় তারা! উরুগুয়ে শুরু থেকেই ছিল উজ্জীবিত। গোলের সুযোগও পেয়ে যায় প্রথম মিনিটেই। কিন্তু অধিনায়ক ডিয়েগো লুগানোর হেড ঠেকিয়ে দেন জাস্তো ভিলার। ডান পায়ে বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের বৃদ্ধিদীপ্ত শটে লুগানোর আফসোস ১২ মিনিটে মুছে দেন সুয়ারেজ। বিরতির তিন মিনিট আগে প্যারাগুয়ের কফিনে দ্বিতীয় পেরেকটি ঠোকেন ফোরলান। দেশের হয়ে ১৩ ম্যাচ পর গোল পেলেন তিনি। খেলার শেষ মিনিটে প্যারাগুয়েকে স্তব্ধ করে দিয়েছেন আরেকটি গোল করে। এ গোল তাঁকে নিয়ে গেছে হেক্টর স্ক্যারনের সঙ্গে উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতার তালিকায়। দুজনেরই গোল সমান ৩১টি করে। চ্যাম্পিয়নের মতো খেলেই চ্যাম্পিয়ন হয়েছে দল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সুয়ারেজ তাই বলতে পারছেন, ‘এই জয় আমাদের পাওনা ছিল।’ দলকে এক সুতোয় গাঁথার কারিগর কোচ অস্কার তাবারেজ এই শিরোপা উৎ সর্গ করেছেন উরুগুয়ের আগের ১৪টি শিরোপাজয়ীদের, ‘এটা আমি আগের ১৪ কোপাজয়ীদের উৎ সর্গ করতে চাই। তাদের ছাড়া আমরা এখানে আসতে পারতাম না।’ অধিনায়ক লুগানো বলেছেন, এই জয় উরুগুয়ের ৩৮ লাখ মানুষের।২০১১ কোপার সেরাখেলোয়াড়: লুইস সুয়ারেজ (উরুগুয়ে)গোলদাতা: পাওলো গুয়েরেরো (পেরু)—৫ গোলগোলরক্ষক: জাস্টো ভিলার (প্যারাগুয়ে)তরুণ খেলোয়াড়: সেবাস্তিয়ান কোটস (উরুগুয়ে)ফাইনালের সেরা: লুইস সুয়ারেজ (উরুগুয়ে)