ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প আজ থেকে
ফিক্সিং বিতর্ক এখনো শেষ হয়নি। তবে এ নিয়ে চলমান আলোচনাটা আজ থেকে একটু হলেও কমে আসতে পারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। জাতীয় দল ও এর আশপাশে থাকা খেলোয়াড়দের নিয়ে আজ থেকেই যে শুরু হচ্ছে জাতীয় দলের কোচ শেন জার্গেনসেনের কন্ডিশনিং ক্যাম্প। শুরুর দিনে সবাইকে অবশ্য পাচ্ছেন না জার্গেনসেন। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে। তামিম ইকবাল ব্যস্ত বিয়ে নিয়ে। আবদুর রাজ্জাক কাল পর্যন্ত সস্ত্রীক ছিলেন মালয়েশিয়ায়। ক্যাম্পের প্রথম দিনে এই তিনজন ছাড়া বাকি সবারই থাকার কথা। আজ দেশে ফিরে কাল থেকে যোগ দিতে পারেন রাজ্জাক। বিয়ে উপলক্ষে এ মাস পুরোটাই ছুটিতে থাকার কথা থাকলেও তামিম ইকবাল জানিয়েছেন, ২৭ জুন ঢাকায় বৌভাত অনুষ্ঠান শেষে তিনিও যোগ দিতে পারেন ক্যাম্পে। তবে সাকিব আল হাসানের ব্যাপারে কালও নিশ্চিত করে কিছু বলতে পারেননি প্রধান নির্বাচক আকরাম খান।
অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার শেষে পেসার নাজমুল হোসেনের দেশে ফেরার কথা আজ। ৩০ জনের তালিকায় না থাকলেও ক্যাম্পে যোগ দেওয়ার মতো অবস্থায় থাকলে তার জন্যও দরজা খোলা। আকরাম একই কথা বলেছেন ইংল্যান্ডে খেলতে যাওয়া বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের ব্যাপারেও, ‘এনাম খেলার মধ্যে আছে। নাজমুল অস্ত্রোপচার করিয়ে এখনো ফেরেনি। তবে ওরা ক্যাম্পে যোগ দিতে চাইলে যেকোনো সময় এসে যোগ দিতে পারে। আমরাও প্রয়োজন মনে করলে যেকোনো সময় ওদের ডাকতে পারি।’
পরশু বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ জনের খেলোয়াড় তালিকাকে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রাথমিক দল বলা হলেও কাল প্রধান নির্বাচক তাতে একটু বিস্ময়ই প্রকাশ করলেন, ‘এটা কোনো কিছুরই প্রাথমিক দল না। এই খেলোয়াড়দের ডাকা হয়েছে কন্ডিশনিং ক্যাম্পের জন্য। সামনে আমাদের টেস্ট-ওয়ানডে যেমন আছে, তেমনি “এ” দলের ইংল্যান্ড সফর বা টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে। আমরা এই সবকিছুকে সামনে রেখেই খেলোয়াড়দের ফিটনেসের অবস্থা দেখতে চাচ্ছি।’
ক্যাম্প চলবে আপাতত ৩০ জুন পর্যন্ত। এরপর কী হবে সেটা নির্ভর করছে প্রিমিয়ার ক্রিকেট লিগের ওপর। পরশু টিম ম্যানেজমেন্টের সঙ্গে সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন বলেছিলেন, প্রিমিয়ার লিগ যদি কোনো কারণে পেছায়, তাহলে ৩০ জুনের পরও ক্যাম্প চলতে পারে। সে ক্ষেত্রে ফিটনেস ট্রেনিংয়ের সঙ্গে যোগ হবে ব্যাটে-বলের অনুশীলনও। আর না হলে ৩০ জুন পর্যন্ত প্রায় পুরো সময়টাই ব্যয় হবে খেলোয়াড়দের ফিটনেসের অবস্থা বুঝে সেটিতে প্রয়োজনীয় উন্নতি আনার কাজে।