ক্রীড়া খাতে অর্থ বরাদ্দ বাড়ছে

এবারের বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দ বেড়েছে ১৭ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার টাকাপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাজেটে ক্রীড়া খাতে অর্থের পরিমাণ বাড়বে বলে প্রত্যাশার কথা জানিয়েছিলেন। আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘোষিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এর প্রতিফলন পাওয়া গেছে। ক্রীড়া খাতে বরাদ্দ বেড়েছে ১৭ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার টাকা।

বাংলাদেশ সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, আজ ঘোষিত জাতীয় বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ১ হাজার ২৮১ কোটি ৬৩ লাখ টাকা। চলতি অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট ছিল ১ হাজার ১২২ কোটি ৬০ লাখ টাকা। পরে সংশোধিত বাজেটের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২৬৪ কোটি ১৬ লাখ ৬২ হাজার টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে প্রস্তাবিত বাজেটেই বরাদ্দ বেড়েছে ১৭ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার টাকা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল
ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ৪৫৯ কোটি ১৭ লাখ টাকা এবং পরিচালন খাতের পরিমাণ ছিল ৮০৪ কোটি ৯৯ লাখ ৬২ হাজার টাকা। এবার প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ কমলেও বাড়ানো হয়েছে পরিচালন খাতে। উন্নয়ন খাতে ৪০৫ কোটি ৬৯ লাখ টাকা এবং পরিচালন খাতে ৮৭৫ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

এবারের বাজেট সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান প্রথম আলোকে বলেন, ‘আগের বার প্রস্তাবিত বাজেটে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল, সংশোধনী বাজেটে আমরা তার চেয়েও অনেক বেশি (প্রায় ১৪২ কোটি টাকা) পেয়েছিলাম। আশা করছি এবার সংশোধনীয় বাজেটের অঙ্কটা আগেরবারের চেয়েও অনেক বেশি হবে। এ ছাড়া এবার ট্রেনিং খাতে আলাদা করে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যেন বিদেশে গিয়ে খেলোয়াড়েরা অনুশীলনের সুযোগ পায়।’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
ফাইল ছবি

অর্থমন্ত্রী আজ জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সংক্রান্ত বাজেট বক্তৃতায় বলেন, ‘২০২১-২২ অর্থবছরে ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ৮টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা খেলোয়াড়দের প্রশিক্ষণ, গ্রামীণ খেলাধুলার মান উন্নয়নে কার্যক্রম গ্রহণ ও প্রতিভা অন্বেষণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’