পর্তুগালের টানা দুই, স্পেনের প্রথম
কাতার বিশ্বকাপের প্রস্তুতিটা তাহলে ভালোই হচ্ছে পর্তুগালের।
লিসবনে এস্তাদিও জোসে আলভালাদে স্টেডিয়ামে কাল নেশনস লিগে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। নেশনস লিগে এটি পর্তুগালের টানা দ্বিতীয় জয়।
ম্যাচের ৩৮ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যাওয়া পর্তুগালকে আর ধরতে পারেনি চেকরা। জেনেভায় নেশনস লিগে অন্য ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে স্পেন। টানা দুই ম্যাচ ড্রয়ের পর প্রথম জয় পেল লুইস এনরিকের দল।
স্পেনের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস। সুইজারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল পাওয়া রোনালদোকে কাল পুরো সময় মাঠে রাখেন কোচ। কিন্তু তাঁর কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পায়নি পর্তুগাল।
ম্যাচের দুটি গোলই বানিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা। ৩৩ মিনিটে তাঁর পাস পেয়ে দুরূহ কোণ থেকে গোল করে ২০১৯ সালের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন হোয়াও ক্যানসেলো। এর পাঁচ মিনিট পরই সিলভার থ্রু থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন গনকালো গুয়েদেস।
তিন ম্যাচে দুই জয়ে ও এক ড্রয়ে ‘এ২’ গ্রুপের শীর্ষে উঠল পর্তুগাল। স্যান্টোসের দলের সংগ্রহ ৭ পয়েন্ট। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে স্পেন। জয়ের পর পর্তুগাল কোচ স্যান্টোস বলেছেন, ‘আমি ফল নিয়ে সন্তুষ্ট। আমরা দুটি গোল করেছি এবং আরও দু-এক গোল করতে পারতাম। খুব ভালো অবস্থানে আছি এখন। তবে প্রতিপক্ষ দলগুলোও তো জিততে চায়। আমাদের হাতে আরও তিন ম্যাচ আছে।’
জেনেভায় ম্যাচের ১৩ মিনিটে পাবলো সারাবিয়ার গোলে এগিয়ে যায় স্পেন। মার্কোস লরেন্তের পাস থেকে সারাবিয়া গোল করার পর অফ সাইড হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সাহায্য নেওয়া হয়।
অফসাইড না হওয়ায় গোলটি পেয়ে যায় স্পেন। সুইসরা এই গোল আর শোধ করতে পারেনি। নেশনস লিগে প্রথম জয় পেলেও স্পেন এ ম্যাচে তেমন ভালো খেলতে পারেনি।
ম্যাচ শেষে স্পেন কোচ এনরিকে অবশ্য ঘরের মাঠে সুইসদের শক্তি মনে করিয়ে দেন, ‘ঘরের মাঠে গত আট বছর ধরে অফিশিয়াল কোনো ম্যাচ হারেনি সুইজারল্যান্ড, সেটা টানা ২৩ ম্যাচ। আমরা নিজেদের বৈশিষ্ট্য ধরে রেখে ভালো খেলার চেষ্টা করেছি। কিন্তু প্রতিপক্ষের খেলার মানের কারণে ভুগতে হয়েছে। ম্যাচের ফলে আমি সন্তুষ্ট।’