প্রাপ্তি আড়াল হচ্ছে ব্যর্থতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুলাওয়ের সবাই দেখি খবরটা জানে! সিটি হলের সামনের ফুটপাতে বসা হস্তশিল্পের দোকানি কিংবা ট্যাক্সিচালক ফিডেল। জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার খবর কারোরই অজানা নয়। তাঁরা এটাও জানেন, পরাজয়ের হতাশায় পদত্যাগ করেছেন দলের অধিনায়ক। বাংলাদেশি সাংবাদিক শুনলে কেউ কেউ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। অসুবিধা কী? দুটি টি-টোয়েন্টি ম্যাচ তো আছেই...।

হ্যাঁ, দেশে ফেরার আগে কাল আর পরশুর এই দুই ম্যাচই এখন বাংলাদেশ দলের সম্ভ্রম বাঁচানোর ঢাল হতে পারে। নইলে জিম্বাবুয়ে থেকে ফিরতে হবে শূন্য হাতে। হারারেতে একটা টেস্ট আর বুলাওয়েতে একটা ওয়ানডে জিতলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রাপ্তি হিসেবে এগুলো যে যথেষ্ট নয়।

ছোটখাটো প্রাপ্তি খুঁজলে অবশ্য অনেক কিছুই পাবেন। পেসার রবিউল ইসলাম যেমন এই সফরেই নতুন করে চেনালেন নিজেকে। জিম্বাবুয়েতে আসার আগে পেস বোলিং নিয়ে যে সংকটকাল পার করছিল বাংলাদেশ দল, জিম্বাবুয়ে সফর তাতে জ্বেলে দিয়েছে আশার আলো। দুই টেস্টে ১৫ উইকেট নিয়ে রবিউলের ম্যান অব দ্য সিরিজ হওয়া বড় প্রাপ্তি তো বটেই। সঙ্গে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে বোলার জিয়াউর রহমানের প্রত্যাবর্তনটাও স্মরণীয়। মাঝে পুরোপুরি ব্যাটসম্যান হয়ে গেলেও এই সফরেই জিয়া বোলিং-সত্তাকে জাগিয়ে তুলেছেন আবার। টেস্টের পর ব্যাট হাতে ওয়ানডেতেও নাসির হোসেনের ধারাবাহিকতা মিডল-অর্ডারে বড় নির্ভরতা ছিল জিম্বাবুয়ে সফরে। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর নিজেকে ফিরে পাওয়াও আরেকটা সুসংবাদ। দ্বিতীয় টেস্টের দলে জায়গা না পাওয়ার অস্বস্তি প্রথম দুই ওয়ানডেতে দূর করতে পারেননি। তবে শেষ ওয়ানডেতে অপরাজিত ৭৫ রানের ইনিংস হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার টনিক হতে পারে তাঁর জন্য।

প্রাপ্তির আনন্দের চেয়ে অবশ্য না-পাওয়ার বেদনাই এ সফরে বেশি। শিনবোনের চোট কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকে পাওয়া যায়নি তাঁর মতো করে। বোলিংয়ে প্রত্যাশা মেটাতে পারেননি, ব্যাট হাতেও তেমন সফল নন। এ ছাড়া তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিমরাও পারেননি সামর্থ্যের সর্বোচ্চ অনুবাদ করতে। ব্যাটসম্যানদের বাজে শট খেলে আউট হওয়ার প্রবণতা, ওয়ানডেতে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের কারোই ফিফটির দেখা না-পাওয়া নতুন করে জাগিয়ে তুলছে ব্যাটিং-শঙ্কা।

তবে এ সফরে এখন পর্যন্ত আর সবকিছুর চেয়েও বড় ধাক্কা হয়ে এসেছে ওয়ানডে সিরিজ শেষে অধিনায়ক মুশফিকুর রহিমের পদত্যাগের ঘোষণা। সিরিজ ও অধিনায়ক হারানোর দুই শোকে বুলাওয়ে হলিডে ইন হোটেলের বাতাস এখন বেশ ভারী। মুশফিকের পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছেন না কেউই, তবে সবারই আশা আবেগপ্রবণ মুশফিক আবেগের বশেই সিদ্ধান্তটা নিয়েছেন। দেশের ক্রিকেটের কথা ভেবে এই সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনাও করবেন। কাল সকালে কোচ শেন জার্গেনসেনও তাই সবিনয়ে প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে কথা বললেন শুধু সিরিজ হার নিয়ে। যার সারমর্ম, খেলোয়াড়েরা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। সামলাতে পারেনি মাঠ এবং মাঠের বাইরে জিম্বাবুয়ের দেওয়া চাপও। ‘যেদিন আমরা অনুশীলনে আমাদের বোলারদের বিশ্রাম দেওয়ার কথা ভেবেছি, সেদিনই হয়তো প্রয়োজনমতো নেট বোলার পাইনি। এ ছাড়া অনুশীলন-সুবিধাও ভালো ছিল না। মাঠের বাইরের এই মনস্তাত্ত্বিক চাপ সমস্যায় ফেলেছে আমাদের’—কাল সাংবাদিকদের বলেছেন কোচ। তবে জার্গেনসেন মানছেন, ‘জিম্বাবুয়ে এবার সত্যি সত্যি প্রমাণ করল, নিজেদের মাটিতে তারা ভালো দল। হোম কন্ডিশনের সব সুবিধা দলটা নিতে পেরেছে।’

টেস্ট সিরিজ ড্র, ওয়ানডেতে হার—জিম্বাবুয়ে থেকে দেশে নিয়ে যাওয়ার মতো এখনো কিছু পায়নি বাংলাদেশ দল। শেষ ভরসা দুটি টি-টোয়েন্টি ম্যাচ। কোচ শেন জার্গেনসেনসহ সবার দৃষ্টিই এখন সেদিকে। দুই দলের মধ্যে এখন পর্যন্ত হওয়া একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে এই সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখলেও ২০০৬ সালের নভেম্বরে সেই ম্যাচটা হয়েছিল খুলনায়। জিম্বাবুয়ের মাটিতে খেলা দূরের কথা, ২০ ওভারের ক্রিকেটে দুই দল এরপর আর মুখোমুখিই হয়নি।