বিবর্ণ ফেরা
কারও হাতে ফুল দেখা যায়নি। ব্যানার নিয়ে কোনো সমর্থকও ছিল না। জিম্বাবুয়ে সফর শেষে ক্রিকেট দলের ঢাকায় ফেরাটা এমনই বিবর্ণ ছিল কাল। ফুলেল অভ্যর্থনায় অভ্যস্ত ক্রিকেট দলের কাছে সাম্প্রতিক সময়ে এটা একটু ভিন্ন অভিজ্ঞতাই।জিম্বাবুয়েতে টেস্ট সিরিজ ১-১, ওয়ানডেতে ২-১ হার এবং টি-টোয়েন্টিতে ১-১ ড্রকে ব্যর্থতা হিসেবেই দেখছেন সবাই। শ্রীলঙ্কায় অমন একটি সিরিজ খেলার পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের সিরিজ জয় ছিল প্রত্যাশিত। কাগজে-কলমে যে জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশ এগিয়ে গেছে অনেক দূর। কিন্তু মাঠের খেলায় সেই জিম্বাবুয়েই হয়ে উঠেছে বাংলাদেশের দুঃস্বপ্নের অন্য নাম। আগের বারের সফরটা গেছে বাজে। সিরিজ শেষে অধিনায়কত্ব ও সহ-অধিনায়কত্ব হারান সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবারও এই সফর হতাশার প্রতিশব্দ। সিরিজ শেষ না হতেই মুশফিকুর রহিম অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে নাটক দিলেন জমিয়ে। অতঃপর এ নিয়েই আলোচনা ছিল সবার মুখে মুখে।এমন ঘটনাবহুল সফর শেষে ক্রিকেটাররা বাড়ি ফিরলেন। বিমানবন্দরে মুখগুলো দেখে মনে হচ্ছিল, তাড়াতাড়ি ঘরে ফিরতে পারলেই বাঁচেন। এক মাসের এই সফর ক্রিকেটারদের মুখ থেকে কেড়ে নিয়েছে হাসি। বিমানবন্দরে টুকটাক ‘হাই’ ‘হ্যালো’ করেই খেলোয়াড়েরা ব্যাগ-পত্তর নিয়ে ফিরেছেন গন্তব্যে। যাওয়ার আগে একজন মানুষের শুভেচ্ছা পেলেন ক্রিকেটাররা—মাহবুব হামিদ। রাজ্জাকসহ অনেককেই বুকে টেনে নিলেন মুশফিকুর রহিমের বাবা, যিনি সব সময়ই বাংলাদেশ দলের সাফল্য-ব্যর্থতার ছায়াসঙ্গী। মুশফিকুরের ছোট দুই চাচাতো ভাইবোনকে নিয়ে এসেছিলেন বিমানবন্দরে। ছেলেকে কাছে পেয়ে খুশি ভদ্রলোক। তবে ছেলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে সাংবাদিকদের দু-চারটি প্রশ্ন শুনতে হলো তাঁকেও। ‘এ নিয়ে ওর সঙ্গে কথা বলব। তারপর দেখা যাক, কী হয়’—বলছিলেন হামিদ সাহেব।বিমানবন্দরে বোর্ডের দায়িত্বশীল কাউকে চোখে পড়েনি। তবে মিডিয়াকর্মীদের ভিড় যথারীতি। সবারই কৌতূহল, অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়া মুশফিকুর রহিম কী বলেন। সংবাদমাধ্যমের সঙ্গে মুশফিক কথা বলতে এলেন বেশ মলিন মুখেই। মাঝে একবার বোধ হয় একটু হেসেছেন, তবে মুশফিকুরকে দেখে বিমর্ষই মনে হয়েছে। ঘুরিয়ে-ফিরিয়ে অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ এলে একটু যেন বিরক্ত হচ্ছিলেন। মুশফিকুরের আগে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছেন কোচ শেন জার্গেনসেন। এই ব্যর্থতার পেছনে মাঠের বাইরের কোনো কারণ আছে কি না, তা নিয়ে সরাসরি উত্তর দেননি। ‘আমাদের আরও ভালো খেলতে হবে’, ‘ভুল থেকে শিক্ষা নিতে হবে’, জাতীয় কথাই বেশি বলেছেন। তাঁর কাছে সবচেয়ে মজার প্রশ্ন ছিল, বাংলাদেশ দল ভালো, না জিম্বাবুয়ে? শেন একটু ঘুরিয়ে বলেছেন, ‘এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন।’ জিম্বাবুয়ে খুব ভালো ক্রিকেট খেলেছে, এমন দরাজ সার্টিফিকেট দিলেন কয়েকবারই।