মেনজেসের কোপা ভাবনা
টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের মিশন নিয়ে কোপা আমেরিকায় অংশ নিতে যাচ্ছে ব্রাজিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার এ আসরকে ২০১৪ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখছেন ব্রাজিলের নতুন কোচ মেনো মেনজেস। স্বাগতিক বলে শিরোপা জয়ের লড়াইয়ে আর্জেন্টিনাকে অন্যতম ফেবারিট হিসেবেও আখ্যায়িত করেছেন তিনি।৩ জুলাই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করবে ব্রাজিল। গতকাল আর্জেন্টিনার উদ্দেশে রওনা দেওয়ার আগে সংবাদ সম্মেলনে মেনজেস বলেছেন, ‘আমরা কোপা আমেরিকার এ আসরে পরবর্তী বিশ্বকাপের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’ তবে লাতিন আমেরিকান অঞ্চলের সবচেয়ে বড় এই ফুটবল আসরের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে সমর্থকদের খুব বেশি সন্তুষ্ট করতে পারেননি মেনজেস ও তাঁর শিষ্যরা। রোনালদোর বিদায়ী ম্যাচে রোমানিয়ার বিপক্ষে তারা পেয়েছে ১-০ গোলের সাদামাটা জয়। আর হল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। কিন্তু মূল আসরে ব্রাজিল নিজেদের সেরা পারফরমেন্সটাই দেখাতে পারবে বলে আশা করছেন মেনজেস। তিনি বলেছেন, ‘আশা করছি মূল আসরে আমরা ভালো খেলতে পারব। সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা নিজেদের শক্তিমত্তা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছি। যেটা ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাতে অনেক কাজে লাগবে। আমাদের গ্রুপে কাগজে-কলমে প্যারাগুয়েই সবচেয়ে শক্তিশালী দল। কিন্তু আমরা অন্যদেরও ছোট করে দেখছি না।’ ওয়েবসাইট।