লিভারপুল থেকে হঠাৎ করেই উধাও প্রতিশোধের সুর
প্রতিশোধ—শব্দটি রিয়াল মাদ্রিদ ফাইনালে ওঠার পর থেকেই ধ্বনিত হতে থাকে ফুটবল বিশ্বে। কিন্তু কাল হঠাৎ লিভারপুল শিবির থেকে উধাও হয়ে গেল প্রতিশোধ শব্দটি। কোচ ইয়ুর্গেন ক্লপ, অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও মোহাম্মদ সালাহর কণ্ঠে প্রতিশোধ শব্দটি আর বাজছে না!
হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলছে কি না, সেটা দেখার তো আর উপায় নেই। কিন্তু মুখে তিনজনই বললেন—প্রতিশোধ-ট্রতিশোধ নয়, তাদের সবচেয়ে বড় প্রেরণা চ্যাম্পিয়নস লিগে সপ্তম শিরোপা জয়ের হাতছানি।
অথচ ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার পরই সালাহ হুঙ্কার ছেড়েছিলেন—ফ্রান্সের সেঁত দেনিসের ম্যাচটি তাদের জন্য প্রতিশোধের। ২০১৮ সালে কিয়েভের ফাইনালে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল লিভারপুল। সেই ম্যাচের প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলছে সালাহ-মানেদের বুকে।
একটু দেরিতে হলেও সালাহর এই হুঙ্কারের জবাবে গত পরশু রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন—এবারের ফাইনাল রিয়ালের জন্যও প্রতিশোধের উপলক্ষ। ১৯৮১ সালে প্যারিসের ফাইনালে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল রিয়ালের। সেই হারের প্রতিশোধ নিতে রিয়ালও উন্মুখ হয়ে আছে বলেই পাল্টা হুঙ্কার দিয়েছেন আনচেলত্তি।
কাল ক্লপ অবশ্য সুর পাল্টে ফেলেছেন। তাঁর তোলা নতুন সুরে প্রতিশোধ শব্দটি নেই। ২০১৮ সালের ফাইনালে হেরে যাওয়ার বিষয়টি তাঁর দলকে এবারের ফাইনালে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে ক্লপ বলেন, ‘না, এটা পরিষ্কার যে আমাদের জন্য সেই রাতটি খুব কঠিন ছিল। সেই রাতের আবহ, আমরা যেভাবে গোলগুলো খেয়েছি আর মোর (সালাহ) চোট পাওয়া; এগুলো মেনে নেওয়া খুব কঠিন ছিল।’
ক্লপ এরপর যোগ করেন, ‘আমি প্রতিশোধে বিশ্বাস করি না। কিন্তু এটা আমি বুঝিও। আমি নিশ্চিত নই যে এটা (প্রতিশোধের বিষয়টি) নিয়ে কথা বলা উচিত হবে কিনা। মো কী বলতে চেয়েছে, তা আমি বুঝতে পারি। সে আসলে সবকিছু ঠিকঠাকভাবে করতে চায়। আমিও সেটাই চাই।’
সালাহ যে প্রতিশোধের কথা বলেছিলেন তা নিয়ে অধিনায়ক হেন্ডারসনকেও প্রশ্ন করেছেন সাংবাদিকেরা। লিভারপুল অধিনায়ক বলেন, ‘সে আসলে এটা বোঝায়নি।’ এরপর পাশে থাকা সালাহর দিকে তাকিয়ে হেন্ডারসন বলেন, ‘মো তুমি কি এটা (প্রতিশোধ) বোঝাতে চেয়েছিলে?’ হেন্ডারসন এরপর ক্লপের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেন, ‘সালাহ কী বলতে চেয়েছে, তা আমি বুঝতে পারি। সে রাতটি খুবই আবেগের ছিল, ওর জন্য এবং সবার জন্য খুব কঠিন ছিল।’
হেন্ডারসন থামেননি। এবারের ফাইনালে নিজেদের অনুপ্রেরণার মূলে কী আছে, তিনি বলে চলেন সেটা, ‘চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন সবাই ছোটবেলা থেকেই দেখে এসেছি। একটি বিশ্বমানের দল আর বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলব, এর চেয়ে বড় আর কী হতে পারে।’
প্রতিশোধ নয়, চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নপূরণের পেছনে ছোটাই লিভারপুলের খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা, সালাহ কথার ইতি টানলেন এভাবেই, ‘আমাদের জন্য এটা মহাগুরুত্বপূর্ণ এক ট্রফি। এখানে আসার পর থেকে এটাই দেখে এসেছি, প্রতি মৌসুমে আমরা এটার জন্যই লড়াই করি।’