সাকিবদের চেয়েও ভালো কিছু চান ম্যাকইনস

২০০৫ সালে অনুর্ধ্ব-১৯ দলের হয়েই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন এসময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেটাও ছিল একটা ত্রি-দেশীয় সিরিজ। এবার আরও একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। এই সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের আশা, এবারের প্রতিযোগিতাটি থেকেও হয়তো বেরিয়ে আসবে পারেন আগামী দিনের কোনো সাকিব। দলের প্রধান কোচ রিচার্ড ম্যাকইনসের প্রত্যাশা অবশ্য আরও অনেক বেশি। তিনি গড়তে চান টেন্ডুলকার-পন্টিংদের মতো বিশ্বসেরা ক্রিকেটার। বিসিবির মিডিয়া বিভাগ থেকে প্রকাশিত এক সাক্ষাত্কারে ম্যাকইনস জানিয়েছেন বাংলাদেশের প্রস্তুতি ও সম্ভাবনার কথা।
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে এই সফরটাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন?
রিচার্ড ম্যাকইনস: একেবারেই ভিন্ন রকম একটা দেশে এ ধরনের সফর খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত সেখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্য অর্জনের জন্য। বিশ্বমানের খেলোয়াড় হয়ে উঠতে গেলে দরকার দ্রুত শিখে নিতে পারা আর নতুন পরিবেশে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্য, বর্তমানে যেটা আমরা খুব ভালো পারি না। ভিন্ন ভিন্ন পরিবেশে আমরা যত বেশি খেলতে পারব, অগ্রগতিটাও তত বেশি হবে। সেটা অনূর্ধ্ব-১৯ বা মূল জাতীয় দল, সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে আমাদের চ্যালেঞ্জগুলো কী হতে পারে?
রিচার্ড ম্যাকইনস: এ বছর ইংল্যান্ডের গ্রীষ্মকালটা যাচ্ছে খুবই গরম আর শুষ্ক অবস্থার মধ্যে দিয়ে। এখানকার তুলনায় বল অনেক বেশি সুইং করতে পারে। বরাবরের মতো এবারও এটাই আমাদের ব্যাটসম্যানদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। আমরা ইনডোর সেন্টারে নতুন বল দিয়ে অনেক সুইং আর বাউন্স খেলার অনুশীলন করেছি। কাজেই আশা করছি, এ থেকে ব্যাটসম্যানেরা কিছুটা হলেও লাভবান হবেন। রনদেব বসু (জাতীয় একাডেমির পেস বোলিং কোচ) বোলারদের নিয়ে দারুণ কাজ করেছেন। বিশেষত ধারাবাহিকতা ও সুইং করানোর ক্ষেত্রে। ইংল্যান্ডে সেগুলোর প্রয়োগ দেখার অপেক্ষায় আছি।
আর প্রতিপক্ষের ব্যাপারে আমি এখনো বেশি কিছুই জানি না। এমনিতে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দুটি দলই খুব শক্তিশালী অবস্থায় থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। সফর শেষে আমরা হয়তো তাদের ব্যাপারে অনেক তথ্য সংগ্রহ করতে পারব, যেটা পরবর্তী সময় কাজে দেবে।
আপনাদের কি ফলাফলকেন্দ্রিক বিশেষ কোনো লক্ষ্য আছে, নাকি এই সফর থেকে দীর্ঘমেয়াদি একটা প্রভাব আশা করছেন?
রিচার্ড ম্যাকইনস: আমি প্রক্রিয়াটার দিকেই মনোযোগ দিতে চাই, ফলাফলের দিকে না। আমাদের খেলার প্রক্রিয়াটা যদি ঠিক থাকে, তাহলে আমরা ম্যাচ জিততে পারব। ইতিহাসও আপনাকে তা-ই বলবে। আমরা যদি ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল ফেলতে পারি, ঠিকমতো ফিল্ডিং সাজাতে পারি, তাহলে সাফল্য পাওয়া যাবে। ব্যাট হাতেও আমরা যদি মাঠের চারদিকে শট খেলতে পারি, ব্যাটসম্যানদের বোঝাপড়াটা যদি ভালো হয়, তাহলেই প্রতিপক্ষের বোলাররা আমাদের ওপর চাপ সৃষ্টি করতে পারবে না। আমরাও স্কোরবোর্ড সচল রাখতে পারব। যদি প্রতিপক্ষের তুলনায় এ সবকিছুই বা বেশির ভাগই ঠিকঠাক করতে পারি, তাহলে আমরা জয় পাব। যদি না পারি, তাহলে পাব না।
আপনি অনূর্ধ্ব-১৯ দল নিয়ে আগেও কাজ করেছেন, এবারের সফরেও করছেন।২০০৪-০৫ সময়ের দলটার সঙ্গে এবারের তুলনাটা কীভাবে করবেন?
রিচার্ড ম্যাকইনস: ১০ বছর আগের খেলোয়াড়দের সঙ্গে এখনকার তুলনা করাটা খুব কঠিন। তার পরও আমার চোখে বিশেষ কোনো পার্থক্য ধরা পড়ে না। সম্ভবত এখন আমাদের কাছে ভালো কিছু পেসার আছে। কিন্তু এটা এখনই বলাটা কঠিন।
বাংলাদেশের সব ক্রিকেট-ভক্তই এই প্রশ্নটা জিজ্ঞাসা করে—এবারের এই অনূর্ধ্ব-১৯ দল থেকে কি সাকিব, তামিম বা মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার বেরিয়ে আসবে?
রিচার্ড ম্যাকইনস: এই দলে বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। আমি আশা করি তারা সাকিব, তামিম বা মুশফিকের চেয়েও ভালো কিছু করতে পারে। আমাদের আসলে টেন্ডুলকার, পন্টিং, ক্যালিস, সাঙ্গাকারাদের মতো খেলোয়াড় বের করতে হবে। যদি আমরা আইসিসি র্যাঙ্কিংয়ে নিজেদের অগ্রগতি দেখতে চাই।
যদি এই খেলোয়াড়দের মধ্যে সাফল্যের ক্ষুধাটা যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে আমরা বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতে পারব। মাইক হাসি কখনো অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলে খেলেননি। কাজেই এই পর্যায়ে ভালো করলেই সাফল্যের গ্যারান্টি দেওয়া যায় না।
সফরের প্রস্তুতিটা কেমন হলো? এই দলটার শক্তিশালী দিক কোনটা?
রিচার্ড ম্যাকইনস: বৃষ্টি আর হরতালের মধ্যেও প্রস্তুতিটা ভালোই হয়েছে।কোচ জাফরুল এহসান, মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলাম, রনদেব বসু, প্রশিক্ষক তুষার কান্তি হাওলাদার ও ফিজিও বায়জেদুল ইসলাম খুব ভালো কাজ করেছেন ক্রিকেটারদের প্রস্তুত করার জন্য।
দলের সবাই শেখার ব্যাপারে খুবই আগ্রহী ছিল। তারা খুবই দ্রুত নতুন ধারণা, চিন্তাভাবনা গ্রহণ করেছে ও সেগুলোর প্রয়োগ ঘটিয়েছে।
জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে বিসিবির উন্নয়ন প্রকল্প নিয়ে আপনি কতটা আশাবাদী?
রিচার্ড ম্যাকইনস: আমি সব সময়ই আশাবাদী। আমরা কিছু জায়গাতে উন্নতি করেছি কিন্তু এখনো অনেক কিছু করতে হবে। আমার বেশ কিছু প্রস্তাব বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আছে আর এগুলোর কয়েকটিও যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে খুবই ভালো হবে।