‘আসল কোপা’ শুরু এবার
প্রশ্নটা উঠেছিল সবগুলো দলের দুটো করে ম্যাচ হয়ে যাওয়ার পর। যখন ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে—কোপা আমেরিকার তিন পরাশক্তিই নিজেদের দুই ম্যাচেই ড্র করেছিল। প্রশ্ন উঠেছিল—দক্ষিণ আমেরিকার ফুটবল মানচিত্র কি তবে পাল্টে যাচ্ছে? নতুন শক্তি হিসেবে কি উঠে আসছে চিলি, পেরু ও কলম্বিয়া? কোয়ার্টার ফাইনালের লাইনআপ ঠিক হওয়ার পর সেই প্রশ্ন আপাতত হাওয়ায় মিলে গেছে। শেষ পর্যন্ত ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের পর দক্ষিণ আমেরিকার শীর্ষ চার দলের অন্যটি প্যারাগুয়েও শেষ আটে জায়গা করে নিয়েছে। বলিভিয়া, ইকুয়েডরের সঙ্গে বিদায় নিয়েছে দুই আমন্ত্রিত অতিথি কোস্টারিকা ও মেক্সিকো। তবে শেষ আটে জায়গা হয়েছে ভেনেজুয়েলারও। গতবার নিজেদের দেশে আয়োজিত কোপায় কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। তবে বিদেশের মাটিতে শেষ আটে ওঠা এই প্রথম।ভেনেজুয়েলার সামনে এখন চিলি। গ্রুপ পর্বে মেক্সিকো ও পেরুকে হারানো চিলিই ফেবারিট। যদিও এবার কোপার শিক্ষা বলছে, ফেবারিট বলে কিছু নেই। কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হবে এই ম্যাচ দিয়েই। শনিবার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কলম্বিয়া-পেরু। সেদিনই আর্জেন্টিনা-উরুগুয়ে ‘ক্লাসিকো’। পরদিন তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-প্যারাগুয়ে। যার অর্থ, কোপার শীর্ষ চারটি দলের দুটিই সেমিফাইনালের আগে বাদ পড়ছে।চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচটিই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্রথম বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। এটিই বুঝিয়ে দিচ্ছে, প্রতিবেশী দুই দেশের ফুটবলীয় দ্বৈরথ কত পুরোনো। এর আগে আটবার কোপার আয়োজক হয়ে ছয়বারই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। যে দুবার পারেনি, সেই দুবারই তাদের শিরোপাবঞ্চিত করেছিল এই উরুগুয়ে। ১৯১৬ সালে প্রথম, সর্বশেষ ১৯৮৭ সালে। দুই দলের মধ্যে মিল আছে আরেক জায়গায়। ১৯৯৩ সাল থেকে কোপা জেতেনি আর্জেন্টিনা, ১৯৯৫-এর পর থেকে উরুগুয়ে। এর পরই যে কোপার মানচিত্রে ব্রাজিলের দাপুটে আবির্ভাব। এর আগে মহাদেশীয় এই টুর্নামেন্টটিকে সেভাবে গুরুত্বের সঙ্গে ব্রাজিল নেয়নি। সাম্প্রতিক সময়ে নিচ্ছে। গত পাঁচ আসরের চারবারের চ্যাম্পিয়নই তারা।বলা হচ্ছে, আসল কোপা আমেরিকা শুরু হবে এখন থেকে। লিওনেল মেসি বলেছেন, তাঁর বার্সা-সতীর্থ দানি আলভেজও বলেছেন। বলেছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ, আর্জেন্টিনা কোচ সার্জিও বাতিস্তাও। গতকাল ব্রাজিলের পাতোও বললেন, ‘কোপার আসলে এখন শুরু। ব্রাজিলের সাম্প্রতিক আধিপত্যের অবসান হবে কি না, আর্জেন্টিনা বা উরুগুয়ে দীর্ঘ খরা ঘোচাতে পারবে কি না—প্রশ্নগুলোর উত্তর পাওয়ার সময় এসে গেল। এএফপি।