হোয়াটসঅ্যাপের অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন–সেবা ব্যবহার করতে পারবেন যাঁরা

হোয়াটসঅ্যাপরয়টার্স

ব্যবহারকারীদের হালনাগাদ প্রযুক্তির বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ দিতে ধীরে ধীরে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন–সেবা চালু করছে হোয়াটসঅ্যাপ। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামের এ সাবস্ক্রিপশন–সেবাতে বিনা মূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তুলনায় একাধিক প্রিমিয়াম সুবিধা ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক আইফোন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহারের সুযোগ পাবেন। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু করা হতে পারে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ প্লাস মূলত হোয়াটসঅ্যাপের নতুন প্রিমিয়াম সেবা। সেবাটির মাধ্যমে হোয়াটসঅ্যাপে চালু থাকা প্রচলিত সুবিধার বাইরে কিছু বাড়তি সুবিধা ব্যবহার করা যাবে। শুধু তা–ই নয়, নতুন সুবিধা যুক্ত হলে সবার আগে ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহারকারীরা। অর্থের বিনিময়ে অতিরিক্ত সুবিধা চালু হলেও অ্যাপটির মূল সেবায় কোনো পরিবর্তন হবে না। ফলে অন্য ব্যবহারকারীরা আগের মতোই হোয়াটসঅ্যাপে বিনা মূল্যে বার্তা আদান-প্রদান ও ফোনকল করার সুবিধা পাবেন।

ডব্লিউ এ বেটা ইনফোর তথ্য অনুয়ায়ী, নতুন এই সাবস্ক্রিপশন–সেবার আওতায় ব্যবহারকারীরা বিশেষ স্টিকার, রিংটোন, বিভিন্ন থিম, ওয়ালপেপার এবং অ্যাপের আইকন নিজেদের মতো করে সাজানোর সুযোগ পাবেন। অর্থাৎ, নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টম হোয়াটসঅ্যাপ পর্দা ব্যবহার করা যাবে। শুরুতে যুক্তরাষ্ট্রের বদলে ইউরোপে চালু করা সেবাটি ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে আড়াই পাউন্ড বা ৩৬০ টাকা।

সূত্র: ম্যাশেবল, নাইনটুফাইভম্যাক