ভিডিও কলের সময় পটভূমি ঝাপসা দেখাবে ক্রোমওএস

ক্রোমবুকে ব্যাকগ্রাউন্ড ব্লার সুবিধার কার্যকারিতা পরখ করে দেখছে ক্রোমওএস

বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকেই নিয়মিত ভিডিও কল বা ভিডিও চ্যাট করে থাকি। বিভিন্ন অ্যাপের পাশাপাশি জনপ্রিয় প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমেই ভিডিও কল করা যায়। বেশ কিছু অ্যাপ ও সেবাতে ভিডিও কলের সময় পেছনের ছবি ঝাপসা করার সুযোগ থাকে। এবার ভিডিও কল করার আগে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের পেছনের ছবি ঝাপসা করে দেবে ক্রোমওএস। এ সুবিধা দিতে বিল্ট ইন ব্যাকগ্রাউন্ড ব্লার সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে গুগলের অপারেটিং সিস্টেমটি।

আরও পড়ুন

মেশিন লার্নিং প্রযুক্তিনির্ভর এ সুবিধা ভিডিও কলের জন্য ক্যামেরা চালু করলেই ব্যবহারকারীদের পেছনের ছবি ঝাপসা করে দেবে। ফলে ঘরে বসে স্বচ্ছন্দে অপরিচিত ব্যক্তি বা সহকর্মীদের সঙ্গে ভিডিও কল করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে এ সুবিধা বন্ধও রাখতে পারবেন।

আরও পড়ুন

বর্তমানে ইন্টেলে ১১ ও ১২ প্রজন্মের প্রসেসরে চলা ক্রোমবুকে বিল্ট ইন ব্যাকগ্রাউন্ড ব্লার সুবিধার কার্যকারিতা পরখ করে দেখছে ক্রোমওএস। ফলে এ সুবিধা কেবল হালনাগাদ প্রযুক্তির ক্রোমবুকে ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

বিল্ট ইন ব্যাকগ্রাউন্ড ব্লারের পাশাপাশি অটো ফ্রেম সুবিধাও চালু হতে পারে ক্রোমওএসে। ভিডিও কলের সময় ব্যবহারকারীদের অবস্থান বুঝে স্বয়ংক্রিয়ভাবে ছবির ফ্রেম ঠিক করে দেবে এ সুবিধা। ফলে অপর প্রান্তে থাকা ব্যক্তিরা ব্যবহারকারীদের ছবি ভালোভাবে দেখতে পারবেন। শিগগিরই এসব সুবিধা উন্মুক্ত করা হতে পারে।
সূত্র: নাইনটুফাইভগুগলডটকম