বিওয়াইডি সিলায়ন–৫, জ্বালানি ছাড়াই পাড়ি দেবে ৭১ কিলোমিটার

দেশের বাজারে বিওয়াইডির নতুন গাড়িছবি: বিওয়াইডি

সারা দিনের নিত্যনৈমিত্তিক কাজ সম্পন্ন করার জন্য একজন মানুষ সাধারণত গাড়িতে চড়ে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার পথ ভ্রমণ করে থাকেন। যাতায়াতের এই চাহিদা পূরণ করতে জ্বালানি ব্যবহার না করে শুধু বৈদ্যুতিক শক্তিতে সর্বোচ্চ ৭১ কিলোমিটার পথ পাড়ি দেয়ার নতুন এসইউভি এনেছে চীনের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল ঘরানার গাড়িটির মডেল সিলায়ন–৫।

গত ২৮ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এসইউভি মডেলটির আনুষ্ঠানিক উন্মোচন সম্পন্ন হয়। উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান।

‘এভরিডে এসইউভি’ স্লোগানে নিত্যদিনের ব্যবহারের স্পোর্টস ঘরানার এই গাড়িটিতে ১৫০০ সিসির অ্যাডভান্সড ডিএমআই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। দ্বৈত শক্তি থাকার কারণে গাড়িটি পূর্ণ জ্বালানি এবং বৈদ্যুতিক চার্জে ১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সিলায়ন–৫–এর ৫২ লিটার জ্বালানি ধারণক্ষমতা রয়েছে। গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। মাত্র ৭.৭ সেকেন্ডে এসইউভিটি শূন্য থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম।

নৈপুণ্যের পাশাপাশি, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের ওপর গুরুত্ব দিয়ে সিলায়ন ৫ ডিজাইন করা হয়েছে। গাড়িটিতে সাতটি এয়ারব্যাগ, দীর্ঘস্থায়ী বিওয়াইডি ব্লেড ব্যাটারি, ভেহিকেল-টু-লোড (ভিটুএল) ফাংশন ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) ব্যবহার করা হয়েছে। গাড়িটির ভেতরে প্রশস্ত ও আধুনিক কেবিন লেআউটের সাথে নিখুঁতভাবে খাপ খায় এমন ১২.৮ ইঞ্চির বিশাল ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও প্যানোরামিক সানরুফ ব্যবহার করা হয়েছে।

সিলায়ন–৫ সম্পর্কে বিওয়াইডি প্রধান বিপণন কর্মকর্তা ইমতিয়াজ নওশের বলেন, যুগোপযোগী চাহিদা ও যাতায়াতে বুদ্ধিদীপ্ত পরিবর্তন নিশ্চিত করতে বিওয়াইডি সিলায়ন–৫ নিয়ে আসা হয়েছে। বর্তমানে ক্রেতারা একই সঙ্গে সাশ্রয়ী ইঞ্জিন, আরামদায়ক ভ্রমণ ও দীর্ঘমেয়াদি ব্যবহার উপযোগিতা খোঁজেন। আমাদের ডিএম-আই প্রযুক্তির মাধ্যমে সিলায়ন–৫ প্রতিদিনের যাতায়াতে বৈদ্যুতিক গাড়ির মতো অভিজ্ঞতা নিশ্চিত করবে; আবার দীর্ঘ যাতায়াতে স্বাচ্ছন্দ্য বজায় রাখবে। বাংলাদেশিদের প্রতিদিনের জীবনযাত্রার বিষয়টি বিবেচনা করে সহজলভ্য, নির্ভরযোগ্য ও ভবিষ্যতের জন্য প্রস্তুত এই গাড়িটি নিয়ে আসা হয়েছে।

বিওয়াইডির নতুন গাড়ির উদ্বোধনী অনুষ্ঠান
ছবি: বিওয়াইডি

অনুষ্ঠানে অগ্রিম ফরমায়েশ দেওয়া ২৫ জন ক্রেতার হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। নতুন গাড়িটির চাহিদা সম্পর্কে প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের প্রধান ফাহমিদ ফেরদৌস বলেন, ‘আমরা ক্রেতাদের প্রচুর চাহিদা দেখতে পাচ্ছি। সামনে চাহিদা আরও বাড়বে বলেই আমরা আশাবাদী।’

কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে এই চারটি রঙে বিওয়াইডি সিলায়ন–৫ দেশের বাজারে মিলবে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য গাড়িটির দাম ৪৭ লাখ ৯ হাজার টাকা। গাড়িটির সঙ্গে ট্র্যাকশন ব্যাটারির ক্ষেত্রে ৮ বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত বিক্রয়োত্তর সেবা মিলবে। এ ছাড়া মোটরে ৮ বছর বা দেড় লাখ কিলোমিটার এবং পুরো গাড়ির ক্ষেত্রে ৬ বছর বা দেড় লাখ কিলোমিটার পর্যন্ত বিক্রয়োত্তর সেবার আওতায় থাকবে।