উইন্ডোজে ত্রুটি, মাইক্রোসফটের জরুরি হালনাগাদ

উইন্ডোজের জন্য জরুরি নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে মাইক্রোসফটএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ১৩২টি নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলার আশঙ্কা থাকায় উইন্ডোজের জন্য জরুরি নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। তবে নতুন এ নিরাপত্তা প্যাচে আরসিই নামের একটি ত্রুটির সমাধান করা হয়নি। এর ফলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে সাইবার হামলার আশঙ্কা পুরোপুরি দূর করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের তথ্যমতে, ১৩২টি ত্রুটির মধ্যে ৩৭টি কাজে লাগিয়ে দূর থেকে সাইবার হামলা চালানো সম্ভব। ৩৭টি ত্রুটির মধ্যে ৯টি খুবই ভয়ংকর। নিরাপত্তা প্যাচ উন্মুক্তের আগেই ১৩২টি ত্রুটির মধ্যে ৬টি কাজে লাগিয়ে সাইবার হামলা চালিয়েছেন রাশিয়ার রমকম গ্রুপের হ্যাকাররা। এর মধ্যে একটি জিরো ডে নিরাপত্তা ত্রুটিও রয়েছে। এ ত্রুটি দিয়ে দূর থেকে মাইক্রোসফট অফিস এবং উইন্ডোজ এইচটিএমএলে নতুন কোড ব্যবহার করা সম্ভব। জিরো ডে ঘরানার এ ত্রুটি এখনো সক্রিয় রয়েছে।

আরও পড়ুন

জানা গেছে, উইন্ডোজ সিস্টেমে থাকা ‘সিভিই-২০২৩-৩২০৪৬’ জিরো ডে ত্রুটি কাজে লাগিয়ে ‘এমএসএইচটিএমএল’ পদ্ধতিতে ভুয়া কোড যুক্ত করে উইন্ডোজ এরর রিপোর্টিং সেবাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এর ফলে হ্যাকাররা দূর থেকেই উইন্ডোজ নেটওয়ার্কের অ্যাডমিন হিসেবে কাজ করার পাশাপাশি মাইক্রোসফট অফিস সফটওয়্যারের বিভিন্ন সুবিধাও নিয়ন্ত্রণ করতে পারেন।

আরও পড়ুন

উল্লেখ্য, জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারেন, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।