গোপনে কম্পিউটারে ৪ গিগাবাইটের ফাইল প্রবেশ করাচ্ছে ক্রোম ব্রাউজার, কেন

ক্রোম ব্রাউজাররয়টার্স

বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে ক্রোম ব্রাউজার। বেশির ভাগ মানুষ গুগলের তৈরি ব্রাউজারটি ব্যবহার করলেও গোপনে ব্যবহারকারীদের কম্পিউটারে প্রায় ৪ গিগাবাইটের ফাইল প্রবেশ করানোর অভিযোগ উঠেছে ক্রোম ব্রাউজারের বিরুদ্ধে। ‘ওয়েটস ডট বিন’ নামের ফাইলটি মুছে ফেললেও কিছু সময় পর সেটি আবার স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়। আর তাই বিষয়টি প্রযুক্তিবিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

প্রযুক্তিবিশ্বে ‘প্রাইভেসি গাই’ নামেও পরিচিত কম্পিউটারবিজ্ঞানী আলেকজান্ডার হ্যানফ এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ব্যবহারকারীদের কম্পিউটারের ইউজার ডেটা ফোল্ডারে গোপনে ‘ওয়েটস ডট বিন’ নামের একটি ফাইল প্রবেশ করাচ্ছে ক্রোম ব্রাউজার। ফাইলটি গুগলের ‘জেমিনি ন্যানো’ মডেল পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফাইলটি ক্ষতিকর নয় এবং এটি সরাসরি নিরাপত্তাঝুঁকিও তৈরি করছে না। তবে ব্যবহারকারীদের অনুমতি ছাড়া এত বড় আকারের ফাইল ডাউনলোড হওয়ায় প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, ফাইলটি মুছে ফেললেও কিছু সময় পর সেটি আবার স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়। সফটওয়্যার হালনাগাদের ক্ষেত্রে এমন প্রক্রিয়া নতুন না হলেও ফাইলটির আকার বড় হওয়ায় যাদের কম্পিউটারের ধারণক্ষমতা কম, তাদের জন্য ৪ গিগাবাইটের অতিরিক্ত ফাইল সমস্যার কারণ হতে পারে।

আরও পড়ুন

সাধারণত জেমিনির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাগুলো ক্লাউডনির্ভর। অর্থাৎ ব্যবহারকারীর প্রশ্ন, নির্দেশনা বা অনুরোধ ইন্টারনেটের মাধ্যমে অনলাইন সার্ভারে পাঠানো হয় এবং সেখান থেকেই উত্তর তৈরি করে ফেরত পাঠানো হয়। তবে এ পদ্ধতিতে সব সময় ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। পাশাপাশি তথ্য আদান-প্রদানের কারণে সাড়া পেতে কিছুটা সময় লাগে। এ সীমাবদ্ধতা কাটাতে এখন বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান যন্ত্রের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল সংরক্ষণের দিকে ঝুঁকছে।

ফাইলটি কম্পিউটারে ডাউনলোড করা হয়েছে কি না জানতে প্রথমে ক্রোমের সেটিংসে যেতে হবে। এরপর ‘সিস্টেম’ অপশনে গিয়ে দেখতে হবে ‘অন-ডিভাইস এআই’ সুবিধাটি চালু আছে কি না। সুবিধাটি চালু থাকলে ‘ওয়েটস ডট বিন’ লিখে সার্চ করে ফাইলটি কম্পিউটার থেকে মুছে ফেলতে হবে। এরপর স্থায়ীভাবে ফাইলটি মুছে ফেলার জন্য ক্রোমের সেটিংসের ‘সিস্টেম’ অংশে প্রবেশ করে ‘অন-ডিভাইস এআই’ অপশন বন্ধ করতে হবে।

সূত্র: জেডডিনেট