ইনস্টাগ্রামে অন্যদের পোস্টে কি নতুন ছবি-ভিডিও যুক্ত করা যাবে

ইনস্টাগ্রামের ক্যারোসেল পোস্টে নতুন সুবিধা আসছেইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টাগ্রামে ক্যারোসেল সুবিধা ব্যবহার করে একই পোস্টে সর্বোচ্চ ১০টি ছবি বা ভিডিও পোস্ট করা যায়। আর তাই ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেই ক্যারোসেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের একাধিক ছবি বা ভিডিও একসঙ্গে প্রকাশ করেন। এর ফলে সহজে অনুষ্ঠান বা নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে পারেন তাঁদের অনুসরণকারীরা। এবার অন্য ব্যক্তিদের প্রকাশ করা ক্যারোসেল পোস্টে অনুসরণকারীরাও নতুন ছবি বা ভিডিও যুক্ত করার সুযোগ পাবেন। এর ফলে একই অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি নিজেদের সংগ্রহে থাকা ছবি বা ভিডিও অন্যদের পোস্টে যুক্ত করতে পারবেন। নতুন এ সুবিধা বর্তমানে পরীক্ষা করা হচ্ছে।

নতুন এ সুবিধায় অনুসরণকারীরা চাইলেই যেকোনো ব্যক্তির পোস্টে নিজেদের ছবি বা ভিডিও যুক্ত করতে পারবেন না। এ জন্য অবশ্যই আগে থেকে পোস্ট করা ব্যক্তিকে ছবি বা ভিডিও যুক্ত করার অপশন চালু রাখতে হবে। শুধু তা–ই নয়, অনুসরণকারীরা অন্য ব্যক্তিদের পোস্টে ছবি বা ভিডিও যুক্ত করলেও সেগুলো সরাসরি ইনস্টাগ্রামে দেখা যাবে না। প্রথমে পোস্ট করা ব্যক্তি অনুমোদন করলেই শুধু নতুন ছবি বা ভিডিও দেখা যাবে।

আরও পড়ুন

এ বিষয়ে ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম মোসেরি বলেন, ‘পোস্টে অনুসরণকারীদের যুক্ত করার আমন্ত্রণ জানানোর নতুন উপায় চালু করতে আমরা কাজ শুরু করেছি। নতুন এ পদ্ধতিতে ক্যারোসেল পোস্ট করার আগে অনুসরণকারীদের জন্য নতুন ছবি বা ভিডিও যুক্ত করার অনুমতি দিতে হবে। এরপর যুক্ত করা ছবি বা ভিডিও অনুমোদন করা হলে সেগুলো ক্যারোসেল পোস্টে দেখা যাবে।’

আরও পড়ুন

নতুন এ সুবিধা কেমন হবে তা জানাতে একটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন অ্যাডাম মোসেরি। সেখানে দেখা যায়, ক্যারোসেল পোস্টের নিচের দিকে ‘অ্যাড টু পোস্ট’ নামের একটি বাটন যুক্ত করা হয়েছে। এ অপশনে ক্লিক করে অন্য ব্যক্তিদের পোস্টে ছবি বা ভিডিও যোগ করতে হবে অনুসরণকারীদের। তবে কবে নাগাদ এ সুবিধা চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি অ্যাডাম মোসেরি।

সূত্র: দ্য ভার্জ