হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে নতুন যে সুবিধা আসছে
সহজে বার্তা বা ছবি আদান-প্রদানের সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। কিন্তু হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান করলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায় না। এ সমস্যা বেশি হয় গ্রুপ চ্যাটের সময়। কারণ, গ্রুপের সদস্যসংখ্যা বেশি হলে অসংখ্য বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পাওয়া বেশ ঝামেলার কাজ। তবে চিন্তার কিছু নেই, এ সমস্যা সমাধানে গ্রুপে আদান-প্রদান করা নির্দিষ্ট বার্তা ‘পিন’ করে রাখার সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে প্রয়োজনীয় বার্তাগুলো পিন করে রাখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। একটি বার্তা সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত পিন করে রাখা যাবে এবং নির্দিষ্ট সময় পর সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এক বা একাধিক পিন করা বার্তা চ্যাট বক্সের ওপরে দেখা যাবে, ফলে পরবর্তী সময়ে সহজেই সেগুলো দেখার সুযোগ মিলবে।
বর্তমানে নিজেদের অ্যান্ড্রয়েড ২.২৩.২১.৪ বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে এ সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে গ্রুপ চ্যাটে বার্তা পিন করে রাখার সুযোগ পাচ্ছেন। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে পিন করার জন্য নির্দিষ্ট বার্তা কিছুক্ষণ চেপে ধরলেই পপআপে পিন অপশন দেখা যাবে। এরপর বার্তাটি নির্বাচন করে পিন করে রাখার সময়সীমা নির্ধারণ করলেই বার্তাটি পিন হয়ে যাবে।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট অপশনে দীর্ঘদিন থেকেই নির্দিষ্ট বার্তা পিন করে রাখার সুযোগ চালু রয়েছে। এবার গ্রুপ চ্যাটের সময়ও এ সুবিধা মিলবে। তবে কবে নাগাদ এ সুবিধা চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
সূত্র: গ্যাজেটস ৩৬০