ইনস্টাগ্রামে থাকা পুরোনো ভিডিওর শব্দ শোনা না যাওয়ার অভিযোগ
ছবির পাশাপাশি ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রাম। আর তাই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করেন অনেকেই। কিন্তু ইনস্টাগ্রামে প্রকাশ করা পুরোনো ভিডিওর শব্দ এখন আর শোনা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন একাধিক ব্যবহারকারী।
জানা গেছে, ইনস্টাগ্রামের এই সমস্যাটি মূলত ২০১৪ সাল থেকে আগে প্রকাশ করা ভিডিওগুলোর ক্ষেত্রে হচ্ছে। ভিডিওগুলো চালু করলেই ‘ভিডিওতে কোনো শব্দ নেই’ বার্তা দেখা যাচ্ছে। ফলে কম্পিউটারের পাশাপাশি আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে শব্দসহ ভিডিও দেখা যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে, ইনস্টাগ্রামের কারিগরি সমস্যার কারণেই ভিডিওগুলোতে থাকা শব্দ শোনা যাচ্ছে না। বিষয়টি স্বীকার করে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ইনস্টাগ্রামে থাকা পুরোনো ভিডিওতে শব্দ না থাকার কারণ খুঁজে পাওয়া গেছে। শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।
উল্লেখ্য, ২০১৩ সালে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পাশাপাশি ভিডিও পোস্ট করার সুযোগ চালু করে ইনস্টাগ্রাম। ফলে শুরুর দিকে পোস্ট করা ভিডিওগুলোর সংরক্ষণ কাজে ব্যবহৃত কোনো কারিগরি ত্রুটির কারণেই সম্ভবত ভিডিওতে থাকা শব্দ শোনা যাচ্ছে না।
সূত্র: দ্য ভার্জ