বেসিস নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২৭ জুন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)–এর ২০২৬-২০২৮ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। গত ৫ এপ্রিল নির্বাচন বোর্ডের চেয়ারম্যান তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তফসিল প্রকাশ করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ২৭ জুন বেসিস নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন উপলক্ষে সদস্যপদ নবায়ন ও ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল। এরপর ৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে ১০ মে পর্যন্ত আপিল করা যাবে। ১১ থেকে ১৩ মে পর্যন্ত আপিল নিষ্পত্তি করে ১৫ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বেসিস নির্বাচন বোর্ডের তথ্য মতে, ১৫ থেকে ২১ মে পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৮ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল গ্রহণ চলবে ২৮ থেকে ৩০ মে এবং তা ২ জুনের মধ্যে নিষ্পত্তি করা হবে। ৩ জুন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং ৬ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনসংক্রান্ত কোনো আপত্তি থাকলে ২৮ জুন দাখিল করতে হবে। এরপর আপিল শুনানি শেষে ১ জুলাই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
এ বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান আজ বুধবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসলে নির্বাচন করে দেওয়ার জন্যই আমাকে আনা হয়েছে। জাতীয় নির্বাচন ও রোজা না থাকলে আরও আগে নির্বাচন সম্পন্ন করতে পারতাম আমরা। সরকার আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেটাই আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। তফসিল অনুযায়ী, নির্বাচন ২৭ জুন আয়োজন করা হবে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও বেসিস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান তানিয়া ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছি। যেভাবে তফসিলে আছে সে অনুযায়ী কাজ করব। তফসিল অনুযায়ী নির্বাচন ২৭ জুন অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, ১১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাচন বোর্ডের সদস্য মোহাম্মদ জাকির হোসেন এবং নাসরিন সুলতানাও এই নির্বাচনী প্রক্রিয়া তদারকি করছেন। পাশাপাশি নির্বাচনসংক্রান্ত সব তথ্য বেসিসের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।