প্রশান্ত মহাসাগরের তলদেশে সূর্যের আলো ছাড়াই তৈরি হচ্ছে অক্সিজেন, কীভাবে

প্রতীকী ছবি।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরের তলদেশে অক্সিজেন তৈরির চমকপ্রদ তথ্য জানিয়েছেন গবেষকেরা। গভীর সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কথা থাকলেও বরং বাড়ছে। শুনতে অবাক লাগলেও প্রশান্ত মহাসাগরের তলদেশে চালানো এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। নেচার জিওসায়েন্স জার্নালে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।

গবেষকদের তথ্যমতে, প্রশান্ত মহাসাগরের তলদেশে অক্সিজেনের পরিবর্তনের মাত্রা পরিমাপের জন্য বেন্থিক চেম্বার ব্যবহার করা হয়েছে। গবেষণা চলাকালে প্রশান্ত মহাসাগরের তলদেশে দুই দিনে অক্সিজেনের ঘনত্ব কমার বদলে বেড়েছে। ২৫টি চেম্বার পরীক্ষায় ৪৭ ঘণ্টার মধ্যে অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে গড়ে ১৮৫ দশমিক ২ মাইক্রোমোল থেকে বেড়ে সর্বোচ্চ ২০১ থেকে ৮১৯ মাইক্রোমোলে পৌঁছেছিল। এই অপ্রত্যাশিত অক্সিজেন তৈরির সঙ্গে গভীর সমুদ্রতলে থাকা পলিমেটালিক নডিউল বা ক্ষুদ্রাকৃতির পিণ্ডের যোগসূত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব পিণ্ডের পৃষ্ঠে থাকা বৈদ্যুতিক ভোল্ট সমুদ্রের পানিকে ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত করতে সাহায্য করছে।

প্রশান্ত মহাসাগরের ক্ল্যারিওন-ক্লিপারটন জোনের নাউরু ওশান রিসোর্সেস ইনকরপোরেটেড-ডি লাইসেন্স এলাকায় গবেষকেরা এই পরীক্ষা চালান। এই এলাকার সমুদ্রতলের বিস্তীর্ণ এলাকাজুড়ে পলিমেটালিক নডিউল ছড়িয়ে আছে। ২৫টি চেম্বার ইনকিউবেশনে অক্সিজেনের ঘনত্ব প্রতি লিটারে গড়ে ১৮৫ দশমিক ২ মাইক্রোমোল থাকলেও পরবর্তী ৪৭ ঘণ্টায় তা প্রতি লিটারে ২০১ থেকে ৮১৯ মাইক্রোমোল হয়েছিল। এর ফলে উৎপাদিত ডার্ক অক্সিজেনের পরিমাণ ছিল প্রতিদিন প্রতি বর্গমিটারে ১ দশমিক ৭ থেকে ১৮ মিলিমোল।

আরও পড়ুন

প্রশান্ত মহাসাগরের তলদেশে অপ্রত্যাশিত অক্সিজেন তৈরির পেছনে সম্ভাব্য বেশ কয়েকটি কারণ খতিয়ে দেখেছেন গবেষকেরা। এ জন্য তারা ১২টি পলিমেটালিক নডিউলের পৃষ্ঠের ১৫৩টি স্থানে বৈদ্যুতিক ভোল্টও পরিমাপ করেছেন। কিছু নমুনায় শূন্য দশমিক ৯৫ ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক বিভব রেকর্ড করা হয়েছে। সমুদ্রের পানিকে ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনে রূপান্তর করতে সাধারণত ১ দশমিক ২৩ ভোল্ট ইনপুট ভোল্টেজের প্রয়োজন হয়। এর সঙ্গে অতিরিক্ত ওভারপটেনশিয়ালও লাগে। ফলে নডিউলের ভেতরের ধাতবসমৃদ্ধ স্তরগুলো এমন বিভব পার্থক্য তৈরি করতে পারে, যা সমুদ্রের পানির তড়িৎ বিশ্লেষণে শক্তি জোগায়। এই প্রক্রিয়ায় পানি ভেঙে যায় এবং অক্সিজেন নির্গত হয়।

আরও পড়ুন

গবেষণা চলাকালে প্রশান্ত মহাসাগরের তলদেশে অক্সিজেন তৈরির হার স্থির ছিল না। ফলে একেক পরীক্ষায় অক্সিজেন তৈরির হারে ভিন্নতা পাওয়া গেছে। শুধু তা–ই নয়, কিছু ইনকিউবেশনের সময় অক্সিজেন তৈরির গতি ধীর হয়ে গিয়েছিল। আর তাই নডিউলের গড় পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে অক্সিজেন তৈরির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া