অলিম্পিকে ভিডিও গেমের প্রতিযোগিতা নেই কেন?
প্রতিবার অলিম্পিকের মৌসুম এলে গেমিং কমিউনিটিতে একটি প্রশ্ন ঘুরেফিরে জিজ্ঞেস করতে দেখা যায়, অলিম্পিকে কবে ইস্পোর্টস যুক্ত হবে? ইস্পোর্টস হলো ভিডিও গেমের প্রতিযোগিতা। একদল পক্ষে বলে। আরেক দল বিপক্ষে। আমরা পক্ষে-বিপক্ষে না গিয়ে যুক্তিতর্ক নিয়ে আলোচনা করি চলুন। শুরু করা যাক অলিম্পিকে নতুন ক্রীড়া যুক্ত করার পূর্বশর্ত দিয়ে।
কী সেই পূর্বশর্ত
ডিজিটাল ট্রেন্ডসে বলা হয়েছে, অলিম্পিকে নতুন কোনো খেলা যুক্ত হতে হলে সেটির বেশ কিছু যোগ্যতা থাকতে হয়। শুরুতেই সে খেলার একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফেডারেশন থাকতে হবে। ফুটবলে যেমন ফিফা, ক্রিকেটে আইসিসি। এরপর সেই ফেডারেশনকে পরখ করে স্বীকৃতি দেবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)।
ইস্পোর্টসের তেমন একটি ফেডারেশন এক দশকের বেশি সময় ধরেই আছে। ২০০৮ সালে গঠিত হয় ইন্টারন্যাশনাল ইস্পোর্টস ফেডারেশন। সে সংগঠনই যাবতীয় ইস্পোর্টস কার্যক্রম নিয়ন্ত্রণ করার কথা। এখন সেটিকে আইওসির স্বীকৃতি পেতে হবে।
আরেকটি পূর্বশর্ত হলো, খেলাটিকে বৈশ্বিক হতে হবে। পুরুষদের বেলায় অন্তত চারটি মহাদেশজুড়ে কমপক্ষে ৭৫টি দেশে খেলতে হবে। নারীদের ক্ষেত্রে অন্তত তিনটি মহাদেশের ৪০টি দেশে সেটি জনপ্রিয় হতে হবে।
ইস্পোর্টসের সে যোগ্যতাও আছে। ৬টি মহাদেশের অন্তত ১৫০টি দেশের নারী ও পুরুষ ভিডিও গেমের প্রতিযোগিতায় যুক্ত হন।
শেষ পূর্বশর্তটি হলো, সেটাকে অন্তত ‘খেলা’ হতে হবে। ক্রীড়ার সংজ্ঞায় সেটিকে শারীরিক কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে দক্ষতা বা শারীরিক শক্তির প্রয়োজন হয় এবং বেশির ভাগ ক্ষেত্রেই তা প্রতিযোগিতামূলক।
ইস্পোর্টসে দক্ষতা ও প্রতিযোগিতার কোনো কমতি নেই। তবে শারীরিক কার্যক্রম কি না, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ইন্টারন্যাশনাল জার্নাল অব এক্সারসাইজ সায়েন্সের এক গবেষণায় দেখা যায়, ইস্পোর্টসে অংশগ্রহণকারীদের হৃৎস্পন্দন মাঠের খেলায় অংশ নেওয়ার মতোই। তবে সায়েন্স ডাইরেক্টের আরেক গবেষণায় বলা হয়, ভিডিও গেম খেলার সময় খেলোয়াড়েরা পরিশ্রম করেন ঠিকই তবে সেটা ক্রীড়া হিসেবে নির্ধারণ করার মতো যথেষ্ট নয়।
এর অর্থ হলো, ইস্পোর্টস অলিম্পিকে যুক্ত হবে কি না, তা এখন আইওসির সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে সাঁতার, দৌড় বা টেনিসের মতো যথেষ্ট মর্যাদাপূর্ণ কি না, সে প্রশ্ন করার মতো সুযোগ আছে। আবার ভিডিও গেমে সহিংসতার প্রচারকেও নেতিবাচক হিসেবে মনে করেন অনেকে। তবে কাগজে-কলমে হিসাবের কথা বললে, সব মানদণ্ডে ভিডিও গেমের প্রতিযোগিতাকে চাইলে অলিম্পিকে যুক্ত করার মতো যোগ্য ঘোষণা করার সুযোগ আছে।
কার কাকে প্রয়োজন
এবার আমরা দেখতে পারি আইওসি কেন ইস্পোর্টসকে অলিম্পিক গেমসে যুক্ত করতে চাইবে। একটা কারণ হতে পারে, ভিডিও গেমশিল্প এখন হলিউডের চেয়ে ঢের বড়। আর শুধু ইস্পোর্টস, অর্থাৎ প্রতিযোগিতামূলক ভিডিও গেমের কথা যদি বলি, বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, ইস্পোর্টস শিল্প থেকে কেবল ২০২১ সালে ১০০ কোটি ডলারের বেশি আয় হবে বলে আশা করা হচ্ছে, গত বছরের চেয়ে যা ১৪ শতাংশ বেশি।
আরেকটি ব্যাপার, অলিম্পিকের আয়ের সবচেয়ে বড় উৎস হলো টিভিতে সম্প্রচার স্বত্ব। ২০১৬ অলিম্পিকে টিভি চ্যানেল এনবিসিতে ২ কোটি ৭০ লাখ দর্শক খেলাগুলো দেখেন। অলিম্পিকের জন্য সেটা একটা অর্জন বটে। তবে একই বছর অনলাইনে ‘লিগ অব লিজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’ দেখেছেন প্রায় ৪ কোটি ৩০ লাখ দর্শক।
আরও অনেক জরিপ আছে। তথ্য-উপাত্ত আছে। যুক্তি আছে, তর্ক আছে। তরুণ দর্শকদের কাছে অলিম্পিককে আকর্ষণীয় রাখার ব্যাপারও আছে। বাকিটা আইওসির ওপর। হাজার হোক, অলিম্পিককে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ রাখার দায়িত্বটা তাদের কাঁধেই।