ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেসে নির্বিচার গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। শহরের অগ্নিনির্বাপন বিভাগ শনিবার এ কথা জানিয়েছে। এক সপ্তাহের মধ্যে ক্যালিফোর্নিয়ায় এটি চতুর্থ বন্দুক হামলার ঘটনা।
শহরের অগ্নিনির্বাপন বিভাগের এক মুখপাত্র বলেন, স্থানীয় সময় মধ্যরাতের পর উত্তর-পশ্চিমে শহরতলির একটি আবাসিক এলাকার সড়কে এ হামলার ঘটনা ঘটে। সাহায্য চেয়ে ফোন করা হলে লস অ্যাঞ্জেলেস অগ্নিনির্বাপন বিভাগ সাড়া দেয়।
ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ এবং দুজনকে আহত অবস্থায় পান উদ্ধারকর্মীরা। আহত বাকি দুজন নিজেরাই হাসপাতালে যান বলে অগ্নিনির্বাপন বিভাগের মুখপাত্র জানান।
সিএনএনের সহপ্রতিষ্ঠান কেসিএএল বলেছে, বেভারলি ক্রেস্ট এলাকার বেভারলি হিলসের ঠিক বাইরে এই গুলির ঘটনা ঘটে। হতাহতদের তিনজন একটি গাড়িতে ছিলেন। বাকি চারজন বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন।
পুলিশ বলছে, ‘প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা’ হয়েছে বলে প্রথমে ফোন আসে। হাসপাতালে ভর্তি চারজনের অবস্থা গুরুতর।
২১ জানুয়ারি থেকে ক্যালিফোর্নিয়ায় এটি চতুর্থ বন্দুক হামলার ঘটনা। ওই দিন একজন বন্দুকধারী লস অ্যাঞ্জেলেসের মনটেরি পার্কের একটি নাচের ক্লাবে নির্বিচার গুলি চালালে ১১ জন নিহত হন।
সোমবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় হাফ মুন বে এলাকায় একটি ফার্মে গুলিতে সাতজন নিহত হন। কয়েক ঘণ্টা পর ওয়াকল্যান্ডে পাঁচজনকে গুলি করা হয়। তাদের মধ্যে ১৮ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়।