ইতিহাসের এই দিনে
ভারত অভিমুখে যাত্রা করে চীনের ৩১৭ জাহাজ
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে। স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১১ জুলাই। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
প্রাচীন ভারত ধনসম্পদে পরিপূর্ণ ছিল। তাই ব্রিটিশ, ডাচ, পর্তুগিজ, ফরাসিরাসহ অনেকেই ব্যবসার নাম করে বিভিন্ন সময়ে নানা কৌশলে এই অঞ্চলে উপনিবেশ গড়ার চেষ্টা করে। বাদ যায়নি চীনও।
১৪০৫ সালের ১১ জুলাই, চীনের অ্যাডমিরাল ঝেং হি তাঁর নৌবহর সাগরে ভাসান। এই বহরে ছিল ৩১৭টি জাহাজ। বহরটির গন্তব্য ছিল দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারত। এসব অঞ্চল থেকে ধনসম্পদ অর্জন করার উদ্দেশ্যে বিশাল এই নৌবহর নিয়ে সাগরপথে যাত্রা করেছিলেন ঝেং হি।
ইতালিতে প্রতিষ্ঠা পায় ফিয়াট
ইতালির সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানি ফিয়াট। ১৮৯৯ সালের এই দিনে কোম্পানিটি যাত্রা শুরু করে। ফিয়াট প্রতিষ্ঠা করেন ইতালির বেশ কয়েকজন উদ্যোক্তা-বিনিয়োগকারী। তাঁদের মধ্যে ছিলেন জিওভানি অ্যাজনেলি। ইতালির তুরিনে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। পরে বিশ্বের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায় ফিয়াট। এখনো সুনামের সঙ্গে টিকে রয়েছে অটোমোবাইল জায়ান্ট ফিয়াট।
২১ লাখ বছর আগের পাথরের যন্ত্র
২০১৮ সালের এই দিনে বিজ্ঞানীরা জানান, তাঁরা চীনে বেশ কিছু প্রাচীন যন্ত্রের সন্ধান পেয়েছেন। এসব পাথরের তৈরি। ধারণা করা হয়, এসব প্রায় ২১ লাখ বছর আগে তৈরি করা হয়েছিল। এর মধ্য দিয়ে প্রাচীন মানুষের আফ্রিকা ছেড়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার বিষয়ে প্রচলিত ধারণা বদলে যায়। বলা হয়, প্রাচীন মানুষের বিশ্বে ছড়িয়ে যাওয়ার সময়কাল নিয়ে আমাদের যে ধারণা, তারও আগে এই অভিবাসন ঘটেছিল।
আর্কটিকে করুণ কাহিনি
সময়টা ১৮৯৭ সালের ১১ জুলাই। সুইডেনের অভিযাত্রী এসএ আন্দ্রে আরও দুই সঙ্গীকে নিয়ে সাহসী একটি অভিযানে নামেন। একটি হট-এয়ার বেলুনে চেপে বসেন তাঁরা। উদ্দেশ্য নরওয়ে থেকে যাত্রা করে উত্তর মেরুতে পৌঁছানো। কিন্তু তাঁদের এই অভিযান সফল হয়নি। হারিয়ে যায় সেই হট-এয়ার বেলুন। চিরতরে হারিয়ে যান তিন অভিযাত্রীও। তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে পরবর্তী ৩৩ বছর অপেক্ষা করতে হয়েছিল।