ইসরায়েলের পর্যবেক্ষক মর্যাদা বাতিল চায় ফিলিস্তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ
ফাইল ছবি: রয়টার্স

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় স্থানীয় সময় আজ শনিবার দুই দিনের শীর্ষ সম্মেলনে বসছেন আফ্রিকান ইউনিয়নের নেতারা। গত বছর কয়েকটি সদস্যদেশে সামরিক শাসনের উত্থান ও চলমান করোনা মহামারি ছাপিয়ে এই সম্মেলনে অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল ইস্যু।

ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষক রাষ্ট্র করার জেরে দেখা দিয়েছে বিতর্ক। শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ইসরায়েলের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা বাতিল করতে ৫৫ সদস্যের আফ্রিকার এই জোটের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ।

ফিলিস্তিনিদের ওপর পরিচালিত ইসরায়েলের অপরাধমূলক কার্যক্রমের কথা স্মরণ করিয়ে দিয়ে মোহাম্মদ শতেয়াহ আফ্রিকার নেতাদের প্রতি এমন উদ্যোগ বাতিল করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের ওপর বর্ণবাদী আচরণের পরও ইসরায়েলকে এমন মর্যাদা দেওয়া উচিত নয়।

বিতর্কের শুরু গত বছরের মাঝামাঝিতে। ওই সময় আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মুসা ফাকি মেহমেত ইসরায়েলকে এই জোটের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। তখনই আপত্তি জানায় জোটের প্রভাবশালী সদস্য দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়াসহ কয়েকটি দেশ।

আফ্রিকার বেশির ভাগ দেশ নীতিগতভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমন–পীড়নের সমালোচনা করে এসেছে এসব দেশ।

দক্ষিণ আফ্রিকা জানায়, প্রয়োজনীয় আলোচনা ছাড়াই ইসরায়েলকে আফ্রিকান জোটের পর্যবেক্ষক রাষ্ট্র করা হয়েছে। এটা ফিলিস্তিনি ভূখণ্ডের প্রতি আফ্রিকার সমর্থনের পরিপন্থী। তাই আদ্দিস আবাবা সম্মেলনে ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা রদ করতে ভোটাভুটি হতে পারে।

আরও পড়ুন

যদিও শনিবার ফাকি মেহমেত বলেছেন, ইসরায়েলকে পর্যবেক্ষক করা হলেও ফিলিস্তিনি ইস্যুতে আফ্রিকান ইউনিয়নের অবস্থানে বদল ঘটেনি; বরং এই অবস্থান আরও পোক্ত হয়েছে। বিতর্ক ছড়ালেও এটা দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে করা হয়েছে। এটা নিয়ে বিরোধে না জড়িয়ে আলোচনা করা যেতে পারে।

করোনা মহামারির আঘাত ও একাধিক সামরিক অভ্যুত্থানের অভিজ্ঞতা নিয়ে এবারের শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন আফ্রিকান নেতারা। অভ্যুত্থানের জেরে বেসরকারি সরকারকে উৎখাত করায় গত বছর আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ থেকে বুরকিনা ফাসো, সুদানসহ চারটি দেশের সদস্যপদ স্থগিত করে রাখা হয়েছে।

তবে তিন দশকের বেশি সময় চাদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ইদ্রিস ডেবির মৃত্যু–পরবর্তী সময়ে দেশটির সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় সমালোচিত হয়েছে এই জোট। এমনকি সম্মেলনের আয়োজক দেশ ইথিওপিয়ায় রক্তক্ষয়ী সংঘাত ঠেকাতে অসফল হওয়ার অভিযোগও রয়েছে জোটের বিরুদ্ধে।

আরও পড়ুন

এ বিষয়ে আফ্রিকান থিঙ্কট্যাংক আমানি সলোমন দেরসো বলেন, বেশ কিছু আঞ্চলিক সমস্যা নিয়ে এবারের সম্মেলনে আফ্রিকান নেতাদের জটিল পরিস্থিতি সামাল দিতে হবে। এর মধ্যে আফ্রিকার দেশগুলোয় সামরিক অভ্যুত্থানের ঘটনা ও নিরাপত্তাসংক্রান্ত অনিশ্চয়তা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি শাসনের আওতায় মানুষের হতাশা সামাল দেওয়াসহ নানা বিষয় রয়েছে। এখন ইসরায়েলের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে থাকা না থাকার প্রসঙ্গটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন