দুর্নীতিবিরোধী অভিযান চলছে, ক্ষমতা ছাড়লেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের প্রেসিডেন্ট নুয়েন জুয়ান ফুক
ছবি: রয়টার্স

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট নুয়েন জুয়ান ফুক। এ ঘোষণা বাম-শাসিত দেশটির নেতৃত্বে ক্ষমতার সম্ভাব্য পালাবদলের পথ খুলে দিয়েছে। এর আগে প্রেসিডেন্টের অধীন দায়িত্বরত দুই উপপ্রধানমন্ত্রী বিদায় নেন। এরপর তাঁরও সরে যাওয়ার বিষয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সাবেক প্রধানমন্ত্রী ফুকে ২০২১ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দলের কট্টরপন্থী অংশের চালানো দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যেই তাঁর পদত্যাগের খবর এল। চলমান দুর্নীতিবিরোধী অভিযানে কমিউনিস্ট পার্টির কয়েক শ সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে।

প্রেসিডেন্টের পদত্যাগ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুমোদন পেতে হয়। আজ বুধবার এ নিয়ে বিশেষ ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তবে এই ভোটাভুটি কেবলই আনুষ্ঠানিকতা বলে মনে করা হচ্ছে।

ফুক প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়তে যাচ্ছেন বলে কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন চলছিল। এরই মধ্যে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করল ভিয়েতনামের সরকারি গণমাধ্যম।
পার্টির এক বিবৃতিতে ফুকের নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। তবে এতে বলা হয়েছে, তাঁর অধীন থাকা অসংখ্য কর্মকর্তার বিধি লঙ্ঘন ও অন্যায়ের জন্য তিনি রাজনৈতিকভাবে দায়ী।

একই সঙ্গে এ মাসের শুরুর দিকে পদত্যাগ করা দুই উপপ্রধানমন্ত্রী, দুজন মন্ত্রী এবং অন্য কর্মকর্তাদেরও ফৌজদারি অপরাধের অভিযোগে বিচার চলছে।

বিবৃতিতে বলা হয়, ‘যেহেতু তিনি পার্টি ও দলের প্রতি দায়িত্বশীলতার বিষয়ে সচেতন, তাই নিজের পদ থেকে পদত্যাগ ও অবসরে যাওয়ার অনুরোধ ফুকে আমলে নিয়েছেন।’

ফুকের বয়স এখন ৬৯ বছর। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ২০১৬ থেকে ২০২১ সালের এপ্রিল নাগাদ তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ভিয়েতনামের রাজনীতিতে প্রেসিডেন্টকে ‘চার স্তম্ভের একটি’ মনে করা হয়। চারটি পদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। যদিও প্রেসিডেন্টও গুরুত্বপূর্ণ কর্তৃত্বের অধিকারী। বাকি দুটি পদ হলো প্রধানমন্ত্রী ও ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারম্যান।

আরও পড়ুন

দেশটির সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিক কমিউনিস্ট পার্টির বর্তমান সাধারণ সম্পাদক নুয়েন ফু ত্রং চলমান দুর্নীতিবিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ‘দুর্নীতি এবং ইচ্ছাকৃত অন্যায়ের’ দায়ে কেবল ২০২২ সালেই মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিকসহ পার্টির ৫৩৯ সদস্যকে বিচারের আওতায় আনা হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ আরও ৪৫৩টি দুর্নীতির মামলা তদন্ত করছে, যা সংখ্যা বিবেচনায় আগের বছরের চেয়ে ৫০ ভাগ বেশি। ভিয়েতনাম এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ।

আরও পড়ুন