বিলাওয়ালের গোয়া সফর ভারত-পাকিস্তান সম্পর্কে কি সুফল বয়ে আনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার বিকেলে ভারতের গোয়ায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো
ছবি: এএনআই

ভারতের গোয়ায় শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন। এ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার বিকেলে সেখানে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ২০১১ সালের পর এই প্রথম ভারত সফরে গেলেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ ১২ বছর আগে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে দেখা করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। তবে সার্বিক হালচাল তখন ছিল ভিন্ন। দিল্লি ও ইসলামাবাদের মধ্যে বর্তমানের মতো এতটা বিরোধ ছিল না। অপর দিকে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল পাকিস্তানের।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান দ্য উইলসন সেন্টারের দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, কূটনীতির দিক দিয়ে দেখলে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোড়া লাগানোর জন্য সময়টা তখন ভালো ছিল। তবে আজকের পরিস্থিতি ভিন্ন।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পায় ভারত ও পাকিস্তান। তখন থেকে কাশ্মীর নিয়ে তিনটি যুদ্ধে মুখোমুখি হয়েছে দুই দেশ। ২০১৯ সালে কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায় দিল্লি। এর জেরে দুই দেশ পারমাণবিক যুদ্ধের ‘কাছাকাছি’ চলে গিয়েছিল বলে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।  

২০১৯ সালে কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায় দিল্লি। এর জেরে দুই দেশ পারমাণবিক যুদ্ধের ‘কাছাকাছি’ চলে গিয়েছিল বলে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তবে ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২১ সালে শুরু হওয়া নতুন একটি চুক্তি সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এরই মধ্যে গত বছর পাকিস্তান লক্ষ করে ‘দুর্ঘটনাবশত’ একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। ওই ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছিল ইসলামাবাদ। তবে তা গভীর কোনো সংকটের দিকে মোড় নেয়নি।

ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় পাকিস্তানের কড়া প্রতিক্রিয়া না জানানোর মানে, দুই দেশের সম্পর্ক নিরাপদে আছে এমনটা মানতে নারাজ মাইকেল কুগেলম্যান। তিনি বলেন, সেরা সময়টাতেও দুই দেশের মধ্যে সম্পর্ক থাকে অনেকটা ফসকা গেরোর মতো। আজ একটু উসকানি দুই পক্ষকে উত্তেজনার চরমে নিয়ে যেতে পারে।

বিলাওয়ালের গোয়া সফরে ভারত-পাকিস্তান সম্পর্ক কি জোরদার হবে? জবাবটা হলো, এমন আশা খুবই কম।

এখানে প্রশ্ন থেকে যায়, বিলাওয়ালের গোয়া সফরে ভারত-পাকিস্তান সম্পর্ক কি জোরদার হবে? জবাবটা হলো, এমন আশা খুবই কম। পাকিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত টিসিএ রাঘবানের মতে, বিলাওয়ালের সফরের সবচেয়ে বড় কারণটা হলো, সাংহাই কো-অপারেশন কাউন্সিলের (এসসিও) সঙ্গে যুক্ত থাকার ওপর গুরুত্ব দেয় ভারত ও পাকিস্তান—দুই দেশই।

এশিয়ার কেন্দ্রীয় অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনায় বসতে ২০০১ সালে এসসিও প্রতিষ্ঠা করা হয়। এই কাউন্সিলের নেতৃত্বের স্থানে রয়েছে চীন ও রাশিয়া। চীন বর্তমানে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। অপর দিকে মস্কোর সঙ্গেও দিন দিন ইসলামাবাদের সম্পর্ক শক্ত হচ্ছে। কাউন্সিলে মধ্য এশিয়ার আরও চার দেশ রয়েছে। এই অঞ্চলে বাণিজ্য, যোগাযোগ ও জ্বালানি খাতে আরও বেশি যুক্ত থাকার বিষয়ে আশাবাদী ইসলামাবাদ।

ভারত-পাকিস্তান যদি নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে তারা নিজ দেশে জনরোষের মুখে পড়তে পারে। বিশেষ করে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হতে পারে। কারণ, দেশটির সরকারের জনপ্রিয়তায় ইতিমধ্যেই ধস নেমেছে
মাইকেল কুগেলম্যান, দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ, দ্য উইলসন সেন্টার

বিলাওয়ালের গোয়া সফর নিয়ে মাইকেল কুগেলম্যান বলেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ না নিলে তা পাকিস্তানের জন্য এই সংগঠনটি থেকে দূরে সরে যাওয়ার ঝুঁকি তৈরি করত। কারণ, পাকিস্তানের স্বার্থগুলো সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সঙ্গে মিলে যায়।

গোয়া সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিলাওয়ালের দ্বিপক্ষীয় বৈঠকে বসার কোনো সম্ভাবনা নেই। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যাপিমন জ্যাকব বলেন, পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় ভারত সফর করেননি—এ সত্যটির বাইরে বৃহত্তর দ্বিপক্ষীয় প্রেক্ষাপটে বিলাওয়ালের এ সফরের তেমন কোনো গুরুত্ব নেই।

একই অভিমত মাইকেল কুগেলম্যানেরও। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে দ্বিপক্ষীয় নয়, বরং বহুপক্ষীয় দিক দিয়ে গুরুত্ব বহন করে বলে মনে করেন তিনি। এই গবেষক বলেন, তিনি (বিলাওয়াল) দিল্লির সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে যাচ্ছেন না। তিনি এমন একটি আঞ্চলিক সংগঠনের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন, যেটির পাকিস্তানের স্বার্থের জন্য যথেষ্ট গুরুত্ব রয়েছে।

তাহলে ভারত-পাকিস্তানের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে। অধ্যাপক হ্যাপিমন জ্যাকবের ভাষায়, ‘বর্তমানে কোনো পক্ষই পরিস্থিতি উসকে দিতে চাচ্ছে না। আবার নিষ্পত্তি না হওয়া বিষয়গুলো নিয়ে সংলাপ শুরু করতে বা সংলাপের পথ বের করা নিয়ে কারও ছাড় দেওয়ার মানসিকতা নেই।’ আর টিসিএ রাঘবান বলেন, সম্পর্ক দুই বছর ধরে স্থিতিশীল রয়েছে। তবে তা একেবারে তলানিতে।

আসলে বাস্তবতাটা হলো, উত্তেজনা কমানোর বিষয়ে দুই দেশেরই বড় আগ্রহ রয়েছে। কুগেলম্যান বলেন, পাকিস্তানে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা চলছে। নতুন করে ভারত ঘিরে সংকট বাড়াতে চায় না দেশটি। আর চীন নিয়ে ভারতের উদ্বেগ দিন দিন বাড়ছে। নিরাপত্তার দিক দিয়ে দিল্লির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন। তাই পাকিস্তান নিয়ে তারা বাড়তি কোনো সমস্যা চায় না।

আরও পড়ুন

প্রশ্ন ওঠে, দুই দেশই যখন উত্তেজনা কমাতে চায়, তাহলে এই সম্মেলন তাদের সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ নয় কেন? স্পষ্ট জবাবটা হলো, রাজনৈতিক বাধা। কুগেলম্যান বলেন, ভারত-পাকিস্তান যদি নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে তারা নিজ দেশে জনরোষের মুখে পড়তে পারে। বিশেষ করে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হতে পারে। কারণ, দেশটির সরকারের জনপ্রিয়তায় ইতিমধ্যে ধস নেমেছে। আর দিন শেষে দুই দেশই এটা বিশ্বাস করে, শান্তি আলোচনার ক্ষেত্রে তাদের মূল শর্তগুলো পূরণ হবে না। ভারত কাশ্মীরে সন্ত্রাসবাদ নিয়ে আরও ভূমিকা রাখতে চায়। আর পাকিস্তান চায় কাশ্মীর নিয়ে নিজেদের নীতিতে বদল আনুক দিল্লি।

আরও পড়ুন

এর মধ্যেও কিছু আশার আলো দেখছেন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি। বর্তমানে তিনি ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটে গবেষক হিসেবে কাজ করছেন। হাক্কানির মতে, গোয়ার মতো সম্মেলনগুলো পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি আলোচনা চালু হওয়ার পথ তৈরি করবে।

আরও পড়ুন