চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সৌদি সফর যে বার্তা দিচ্ছে
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যাচ্ছেন। আগামীকাল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর কথা তাঁর। ২০১৬ সালের পর শীর্ষ তেল উৎপাদনকারী দেশটিতে সফর করছেন সি চিন পিং। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, সফরকালে দ্বিপক্ষীয় সম্মেলনে যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট। সৌদি বাদশাহ সালমানের সভাপতিত্বে সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র সৌদি আরব। কিন্তু সম্প্রতি তেলের উৎপাদন কমানো ও সাংবাদিক খাসোগি হত্যার ঘটনায় দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা যায়। এর মধ্যেই কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে চীনের প্রেসিডেন্ট সৌদি সফরে যাবেন। কিন্তু সৌদি কিংবা চীন কোনো পক্ষই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলেনি।
অবশ্য সি চিন পিংয়ের এ সফর নিয়ে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। গতকাল মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিংয়ের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। কিন্তু সফর নিয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
সৌদি আরবের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সফরকালে চীন-আরব সম্মেলন এবং চীন-জিসিসি সম্মেলনে যোগ দেবেন সি চিন পিং। চীন-আরব সম্মেলনে অন্তত ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধানেরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। আরব কূটনীতিকদের মতে, সির এই সফরকে আরব-চীন সম্পর্কের ‘মাইলস্টোন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত অক্টোবরে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য, রাশিয়াসহ মিত্রদেশগুলো। কিন্তু উৎপাদন কমানোর বিষয়ে আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন ‘ওপেক প্লাস’ জোটের নেওয়া সিদ্ধান্তে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব পড়বে।
ইউক্রেনে হামলার জবাব হিসেবে রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়ার দেওয়ার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। তবে দেশটি এ প্রচেষ্টার বিরোধিতা করে আসছে। তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের মাধ্যমে সৌদি আরব রাশিয়ার বশ্যতা মেনে নিয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চুপচাপ দেশটির বৃহত্তম আরব অংশীদারকে তেল উৎপাদন কমানোর ধারণা ত্যাগ করতে রাজি করানোর চেষ্টা করছিলেন। কিন্তু সৌদি আরবের ‘ডি ফ্যাক্টো’ শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান এতে প্রভাবিত হননি।
দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের দোটানার মধ্যে চীনের প্রেসিডেন্টের এ সফর আলাদা বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ।
সি চিন পিং ২০১৬ সালের জানুয়ারিতে সৌদি আরব সফর করেন। এক বছর পর মোহাম্মদ বিন সালমানকে দেশটির যুবরাজ ঘোষণা করা হয়। তিনি বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। ২০১৯ সালের শুরুতে চীন সফর করেন সৌদির এই ‘ডি ফ্যাক্টো’ শাসক।