বিদেশি ব্যক্তি ও সংগঠনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে নিষেধাজ্ঞা মিয়ানমার জান্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের সেনা সরকারের প্রধান মিন অং হ্লাইং
ফাইল ছবি: রয়টার্স

বিদেশি ব্যক্তি ও সংগঠনগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। আগামী বছরে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর এএফপির

গত বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানে অং সান সু চির সরকারকে উৎখাতের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে। দেশটির অর্থনীতিও বিপর্যস্ত।

২০২০ সালের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে সামরিক বাহিনী। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন, এই নির্বাচন অনেকাংশে অবাধ ও সুষ্ঠু হয়েছে।

অসাধু উপায়ে জান্তা গঠিত ইউনিয়ন ইলেকশন কমিশন গতকাল শুক্রবার বলেছে, বিদেশি ব্যক্তি ও সংগঠনগুলোর সঙ্গে যদি বৈঠক করতে চায়, সে জন্য দেশের নিবন্ধিত ৯২টি রাজনৈতিক দলকে অনুমতি নিতে হবে।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন বলেছে, রাজনৈতিক দলগুলোর উচিত আইনের প্রতি সম্মান জানানো। কোনো দল যদি এতে ব্যর্থ হয়, তাহলে তাদের নিবন্ধন বাতিল করা হবে।

কমিশন বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগও করেছে, যার ফলে জালিয়াতি হয়েছে বলে দাবি কমিশনের।

মিয়ানমারের রাজনৈতিক দলগুলো নতুন এই আদেশের নিন্দা জানিয়েছে। এনএলডির সাবেক আইনপ্রণেতা সোয়ে থুরা তুন বলেছেন, এই আদেশ অগণতান্ত্রিক ও সংগঠন করার সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

পিপলস পার্টির প্রধান কো কো গি বলেন, এই ঘোষণা নজিরবিহীন। এটি মিয়ানমারের পরবর্তী নির্বাচনে গণতন্ত্রের একটি প্রকৃত চর্চা হবে, এমন সম্ভাবনার ইতিবাচক ইঙ্গিত দেয় না।

আরও পড়ুন

কো কো গি আরও বলেন, ‘আমরা মনে করি, এই পদক্ষেপ আসন্ন নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মিয়ানমারের জনগণ ও আন্তর্জাতিক সংস্থার আস্থায় বড় ধরনের ফাটল ধরাবে।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সামরিক সরকারের আয়োজনে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ‘প্রহসনের নির্বাচন’ প্রত্যাখ্যান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

অভ্যুত্থানে ক্ষমতা দখলের এক বছর পর নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছিল সামরিক সরকার। কিন্তু পরে এই সময়সীমা বাড়িয়ে বলা হয়, ২০২৩ সালের আগস্টে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হবে।