অনেক প্রশ্ন, যে উত্তর পাওয়া গেল

তিন বছরের আরিক হাছানছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িবন্দী অবস্থায় প্রচণ্ড গরমে মারা যাওয়া তিন বছর বয়সী শিশুটির নাম আরিক হাছান। সে প্রবাসী বাংলাদেশি ছিল। তার স্মরণে গ্ল্যানফিল্ডের রেলওয়ে প্যারেডে অনেকেই শোক প্রকাশ করছেন। এ সময় কেউ রেখে গেছেন ফুল, শোক বার্তা আবার কেউ কেউ খেলনা রেখে গেছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে বড় সন্তান আরাফকে স্কুলে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে বাড়ি চলে আসেন নেওয়াজ হাসান। কিন্তু গাড়িতে রয়ে যায় ছোট সন্তান আরিক। বেলা তিনটায় নেওয়াজ বড় সন্তানকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় গাড়ির পেছনের আসনে অচেতন অবস্থায় আরিককে দেখতে পান। ছেলের এই অবস্থা দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ জরুরি সেবায় কল করেন। কিন্তু প্যারামেডিক এসে শিশুটিকে মৃত ঘোষণা করে। সেদিন সিডনির তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

নিহত আরিকের বড় খালু চৌধুরী মোর্শেদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁর ভাষ্য, ঘটনার দিন সকালে আরিকের মা কর্মস্থলে চলে যান। আরিকের বাবা হোম অফিস করেন। সেদিন আরিককে চাইল্ড কেয়ার কেন্দ্রে এবং বড় ছেলে আরাফকে স্কুলে নামিয়ে দেওয়ার জন্য নেওয়াজ গাড়িতে রওনা হন। গাড়িতে উঠে পেছনের আসনে শুয়ে ঘুমিয়ে যায় আরিক। এরপর নেওয়াজ বড় ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে গাড়িতে পেট্রোল নিতে নিকটবর্তী পাম্পে যান। বাড়ি ফেরার রাস্তাটি আরিকের চাইল্ড কেয়ারের সামনে হওয়ায়, সেখান দিয়ে আসার পথে তিনি ভাবেন আরিককে নামিয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি বাড়ি এসে কাজে ডুবে যান। বেলা তিনটার আগে আরাফকে স্কুল থেকে নিয়ে আসতে বাসা থেকে বের হন তিনি। আরাফের স্কুলের কাছেই একটি সুপার শপের সামনে গাড়ি পার্ক করেন। এরপর আরাফকে নিয়ে সেখান থেকে টুকটাক বাজার করে গাড়ির পেছনে রাখতে গিয়ে দেখেন গাড়িতে আরিক শুয়ে আছে। তিনি সন্তানকে বাঁচাতে গাড়ির পেছনের কাচে ঘুষি মারেন। পরে পেছনের দরজা খুলে আরিককে বের করে এনে প্রথামিক চিকিৎসা দেন। জরুরি সেবায় কল করা হলে প্যারামেডিক এসে আরিককে মৃত ঘোষণা করেন।

চৌধুরী মোর্শেদ আরও বলেন, ‘আমি আরিকের খালার কল পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে দেখি পুলিশের গাড়ি, মিডিয়া ও অ্যাম্বুলেন্স। আমি ভেবেছি, আরিক হয়ত রাস্তায় দৌড় দিতে গিয়ে কোনো গাড়ির সঙ্গে দুর্ঘটনায় পড়েছে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কে জানত, আরিক আর নেই।’

ঘটনাস্থলে আরিকের জন্য শোক ও ভালোবাসা
ছবি: সংগৃহীত

শিশু আরিকের এই মৃত্যুর ঘটনায় বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায়। কেউ কেউ বলছেন, বাড়ি ফেরার পথে আরিকের বাবা গাড়ির পেছনের আসনে খেয়াল করেননি যে আরিক শুয়ে আছে? কেউ বলছেন, সারা দিন গাড়িটি পার্ক করা, কেউ দেখল না? আরিক ডে কেয়ারে যায়নি, সেখান থেকে কেউ কল করল না? সন্তানকে নিয়ে মা-বাবার মধ্যেও দিনভর কোনো কথা হয়নি?

এমন অনেক প্রশ্নের বিষয়ে কথা বলতে গিয়ে চৌধুরী মোর্শেদ বলেন, বাড়ি থেকে স্কুলের দূরত্ব খুবই কম, এতটুকু সময়ে একটি বাচ্চা পেছনে শুয়ে পড়ল না দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরিকের বাবা তা-ই বলেছেন। আরিককে সাধারণত তাঁর মা সন্ধ্যা ছয়টায় কাজ থেকে ফেরার সময় নিয়ে আসেন।

আরিকের লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। চৌধুরী মোর্শেদ জানিয়েছেন, আগামী সোমবারের আগে পুলিশ মরদেহ হস্তান্তর করবে না বলে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে মরদেহের দাফন সম্পন্ন হবে। আর এদিকে আরিকের দাদি ও চাচা থাকেন যুক্তরাষ্ট্রে। তাঁরা খবর পেয়ে রওনা করেছেন।

ঘটনাস্থলে আরিকের জন্য শোক ও ভালোবাসা
ছবি: সংগৃহীত

আরিকের এই স্বজন সবাইকে আরিকের পরিবারের পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, মানবিক দিক থেকে বিবেচনা করে আরিকের বাবার প্রতি কোনো ঘৃণা ছড়াবেন না। পৃথিবীতে কোনো বাবা-ই শিশুসন্তানের প্রতি বেখেয়ালি নন, এটা মর্মান্তিক একটা ভুল ছিল।

আরিকের বাবাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেলেও তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ আনা হয়নি। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল পুলিশ আরিকের বাড়িতেও তল্লাশি চালিয়েছে।

দেশটিতে শিশুদের গাড়িতে রেখে ভুলে যাওয়ার ঘটনা একদমই কম নয়। গত বুধবার দেশটির কুইন্সল্যান্ড রাজ্যেও এক শিশুকে গাড়িতে রেখে চলে যান একজন ৩০ বছর বয়সী নারী। পরে ফিরে এসে গাড়ির তালা আর খুলতে না পারলে জরুরি সেবায় কল করেন। তারা শিশুটিকে জীবিত উদ্ধার করে। পুলিশি প্রতিবেদন বলছে, প্রতিবছর প্রায় পাঁচ হাজার শিশুকে গাড়িবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। গাড়ির ভেতর তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়েও অনেক বেশি হয়। পার্ক করা গাড়ির ভেতরের তাপমাত্রা কতটা ভয়াবহ, সেটা বোঝাতে ২০১৫ সালে সিডনিতে একজন মাস্টার শেফ গাড়ির ভেতরের তাপ ব্যবহার করে মাত্র দেড় ঘণ্টায় মাংস রান্না করে দেখিয়েছিলেন।

বড়দের তুলনায় শিশুদের শরীরে পানি শূন্যতাও ঘটে দ্রুত। তাই শিশুদের অল্প সময়ের জন্য হলেও গাড়িতে একা রেখে যাওয়া মারাত্মক হতে পারে। অস্ট্রেলিয়ায় শিশুদের গাড়িতে বহনের ক্ষেত্রে বিশেষ আইন রয়েছে। আইন অনুযায়ী গাড়িতে শিশুদের জন্য তৈরি বিশেষ আসনে তাদের বসাতে হয়। আর শিশুদের গাড়িতে একা রেখে এক মুহূর্তের জন্য দূরে যাওয়া সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ প্রমাণ হলে তিন বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ প্রায় ১৭ লাখ টাকা জরিমানা হতে পারে।

আরও পড়ুন