আফগানিস্তান পরিস্থিতির দায় কি শুধু বাইডেনের
দুটো বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের পতনের মতো ঐতিহাসিক ঘটনাগুলো গত শতকে বিশ্বরাজনীতির খোলনলচে বদলে দেয়। শান্তির প্রত্যাশা নিয়ে একবিংশ শতক শুরু করেছিল বিশ্ববাসী। কিন্তু একটি হামলা বদলে দেয় পরিস্থিতি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এই হামলার জেরে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে’ নামে যুক্তরাষ্ট্র। শুরু হয় আফগান যুদ্ধ। আফগানিস্তানে ক্ষমতা হারায় তালেবান। পশ্চিমা মদদে দেশটিতে বসানো হয় পুতুল সরকার।
আফগান যুদ্ধ যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল যুদ্ধে পরিণত হয়। ব্রাউন ইউনিভার্সিটির গবেষকদের হিসাবে, আফগান অভিযানে যুক্তরাষ্ট্রের মোট ২ দশমিক ২৬ ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। তার মধ্যে শুধু যুদ্ধের পেছনে ব্যয় হয়েছে ৮০০ বিলিয়ন ডলার। পাশাপাশি আফগান সেনাদের প্রশিক্ষণ দিতে খরচ হয়েছে ৮৫ বিলিয়ন ডলার। প্রশিক্ষণের পাশাপাশি মার্কিনদের করের অর্থে দেওয়া হয়েছে আফগান সেনাদের বেতনও। প্রতিবছর আফগান সেনাদের বেতন দিতে খরচ হয়েছে ৭৫০ মিলিয়ন ডলার।
দুই দশকের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্জন কার্যত শূন্য। সামরিক-বেসামরিক অনেক মানুষের মৃত্যু, পঙ্গুত্ব ও উদ্বাস্তু জীবন ছাড়া এ যুদ্ধ আর কিছুই দেয়নি। ২০০১ সালে যে তালেবান সরকারকে হটানোর মধ্য দিয়ে আফগান যুদ্ধের সূচনা হয়েছিল, ২০২১ সালে এসে সেই তালেবানের কাছেই দেশটির শাসনভার ছেড়ে ফিরতে হচ্ছে মার্কিনদের।
দুই দশক আগে আফগানিস্তানে যুদ্ধ করতে যাওয়াটা ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল।
প্রায় শূন্য হাতে আফগানিস্তান থেকে ফেরার জন্য দেশে-বিদেশে সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষত তালেবানকে পরাজিত না করে পুনরুত্থানের সুযোগ করে দেওয়া, কাবুল পতনের পর আফগান মিত্রসহ সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত না করেই মুখ ঘুরিয়ে চলে যাওয়ায় ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন বাইডেন। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতির জন্য কি বাইডেন একাই দায়ী?
২০০১ সালে যখন আফগান যুদ্ধ শুরু হয়, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় তখন জর্জ ডব্লিউ বুশ। তার প্রায় এক যুগ আগে আফগানিস্তান থেকে ব্যর্থ হয়ে ফেরে সাবেক সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েতের আগে আফগানিস্তানে পরাজয়ের ইতিহাস রয়েছে যুক্তরাজ্যেরও।
বুশের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন বারাক ওবামা। তাঁর উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রেসিডেন্ট হয়েছেন বাইডেন। বুশের সব উত্তরসূরি আফগান যুদ্ধের জের টেনেছেন। মৃত্যুর মিছিল লম্বা হয়েছে। বেড়েছে যুদ্ধের ব্যয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল যেকোনো উপায়ে আফগানিস্তান ছেড়ে যাওয়া। এমন লক্ষ্যে তালেবানের সঙ্গে সমঝোতার পথে হাঁটে যুক্তরাষ্ট্র। কাজটা শুরু করেন ওবামা। তালেবানের সঙ্গে প্রকাশ্যে-অপ্রকাশ্যে যোগাযোগের উদ্যোগ নেন তিনি।
তবে সমঝোতা আলোচনা গতি পায় ট্রাম্পের আমলে। ওই সময় কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের আলোচনা এগিয়ে নিতে তালেবানের পক্ষে নেতৃত্ব দেন মোল্লা আবদুল গনি বারাদার।
তালেবানের ফিরে আসাটা কাকতালীয় নয়। পুরোটাই সমঝোতার ভিত্তিতে হয়েছে। যার সূচনা ২০১২ সালে, ওবামার আমলে। তা ভিত্তি পায় গত বছর, ট্রাম্পের হাত ধরে তালেবানের সঙ্গে চুক্তি সই হওয়ার মধ্য দিয়ে।
বারাদার তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা ওমরের ডেপুটি ছিলেন। তালেবানের সহপ্রতিষ্ঠাতাও তিনি। ২০১০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের করাচিতে আটক হয়েছিলেন তালেবানের রাজনৈতিক শাখার প্রধান বারাদার। মার্কিন প্রশাসনের ইচ্ছায় আট বছর পর মুক্তি পান তিনি। তাঁকে আনা হয় দোহায়। চলে আলোচনা। অবশেষে গত বছরের ফেব্রুয়ারিতে বারাদারের সঙ্গে সমঝোতায় পৌঁছায় যুক্তরাষ্ট্র।
চুক্তিতে বলা হয়, তালেবান সহিংসতা বন্ধ করলে আফগানিস্তান থেকে ধাপে ধাপে মার্কিন ও ন্যাটো সেনাদের ফিরিয়ে নেওয়া হবে। ১৪ মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে। মার্কিন বাহিনীর হাতে বন্দী তালেবান যোদ্ধাদের ছেড়ে দেওয়া হবে। বিনিময়ে তালেবান নিশ্চিত করবে তারা আল–কায়েদা, হাক্কানি নেটওয়ার্কসহ সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তার পথ থেকে সরে আসবে। মুক্তি দেওয়া হবে তালেবানের হাতে বন্দী আফগান সরকারি বাহিনীর সদস্যদেরও। একই সঙ্গে শান্তি ফেরানোর উপায় খুঁজতে আফগানিস্তানের আশরাফ গনি সরকারের সঙ্গে আলোচনা এগিয়ে নেবে তালেবান।
এখন ট্রাম্প ও বাইডেন পরস্পরকে দুষছেন। তবে মার্কিন প্রশাসনের অংশ হিসেবে এই পরিস্থিতির দায় দুজনের কেউই এড়াতে পারেন না। যেমনটা পারেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ ও বারাক ওবামা।
ট্রাম্পের হাত ধরে এই চুক্তি সম্পাদন হলেও তার পেছনে প্রায় আট বছরের আলাপ-আলোচনার প্রভাব ছিল, যা শুরু করেছিলেন ওবামা। বাইডেন ক্ষমতায় এসে তাঁর পূর্বসূরির করা চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণা করেন। তারপরের ঘটনা সবার জানা। পশ্চিমা সেনা প্রত্যাহার শুরু হতেই তালেবান হামলা ও দখল অভিযান জোরদার করে। গত রোববার তারা কাবুল দখলের মধ্য দিয়ে গনি সরকারকে হটিয়ে দেয়। ফলে তালেবানের এই ফিরে আসাটা মোটেই বিস্ময়কর নয়।
তবে বিস্ময়কর হলো, বর্তমান মার্কিন প্রশাসন বুঝতে পারেনি যে তালেবানের সামনে আফগান সরকারি বাহিনী এত দ্রুত খড়কুটোর মতো ভেসে যাবে। মার্কিন গোয়েন্দাদের ভাষ্য ছিল, কাবুলের পতন হতে ৯০ দিন লাগবে। কিন্তু তাঁদের এই ধারণা একেবারেই ভুল প্রমাণিত হয়েছে। তালেবানের ঝটিকা কাবুল জয়ে বাইডেনের অপ্রস্তুত যুক্তরাষ্ট্র অসম্মানজনক অবস্থায় পড়েছে।
আশরাফ গনি নিশ্চয়তা দিয়েছিলেন, আফগান সেনারা তালেবানের বিরুদ্ধে লড়বে। কিন্তু এ অনুমান ভুল ছিল।
আফগান পরিস্থিতির জন্য বাইডেনকে দায়ী করছেন অনেকেই। এ তালিকায় ট্রাম্পও রয়েছেন। সমালোচনা করে ট্রাম্প বলেছেন, লজ্জা থাকলে বাইডেনের এখনই পদত্যাগ করা উচিত। আবার তিনি এটাও বলেছেন, দুই দশক আগে আফগানিস্তানে যুদ্ধ করতে যাওয়াটা ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল।
সমালোচনার মুখে বাইডেন বলছেন, আফগান পরিস্থিতির জন্য তিনি দায়ী নন। তিনি শুধু আগের চুক্তির বাস্তবায়ন করেছেন। চুক্তির শর্ত মানার জন্য বরং তাঁর প্রশাসনের প্রশংসা করা উচিত। কেননা, চুক্তির শর্ত না মেনে সেনা প্রত্যাহারে সময়ক্ষেপণ করলে উল্টো তাঁর সমালোচনা হতো।
তা ছাড়া বাইডেনের মতে, আফগানরা নিজেরাই নিজেদের রক্ষা করেনি। বাইডেনের মন্তব্য, আশরাফ গনি নিশ্চয়তা দিয়েছিলেন, আফগান সেনারা তালেবানের বিরুদ্ধে লড়বে, কিন্তু তা হয়নি।
সার্বিক বিচারে আফগানিস্তানে ব্যর্থতার দায় তাই শুধু একা বাইডেনের নয়, বরং তাঁর তিন পূর্বসূরিরও রয়েছে। সেই দায় এড়িয়ে যেতে পারেন না তাঁরাও।