রিয়াল মাদ্রিদের জার্সিতে ফিলিস্তিনের প্রতিবাদী কিশোরী আহেদ তামিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের প্রতিবাদের প্রতীক কিশোরী আহেদ তামিমি। ছবি: রয়টার্স
ফিলিস্তিনের প্রতিবাদের প্রতীক কিশোরী আহেদ তামিমি। ছবি: রয়টার্স

ইসরায়েলি দুই সেনার গালে চড় মেরে ফিলিস্তিনে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা কিশোরী আহেদ তামিমিকে সম্মান জানাল স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর ১৭ বছরের তামিমিকে মাদ্রিদে আমন্ত্রণ জানানো হয়।

তামিমি ও তার বাবা বাসিম তামিমি শনিবার স্পেনের সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়ামে যান। সেখানেই ক্লাবটির সাবেক স্ট্রাইকার ও রিয়াল মাদ্রিদের বর্তমান পরিচালক এমিলিও বুতারাগুইনো তাঁকে স্বাগত জানান। তিনি তামিমিকে একটি ব্যক্তিগত জার্সি উপহার দেন। স্পেন ছাড়াও ইউরোপের কয়েকটি দেশ সফর করবেন তামিমি।

স্পেনে তামিমিকে সম্মান জানানোর পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইমানুয়েল নেসন টুইটারে একে ‘বিব্রতকর’ অবস্থা বলে উল্লেখ করেছেন। ইমানুয়েল নেসন টুইট করে বলেন, রিয়াল মাদ্রিদ একজন সন্ত্রাসীকে অতিথি করেছে। এর সঙ্গে ফুটবলের কি সম্পর্ক, তা জানি না।

ফিলিস্তিনের সাহিত্যিক রামঝি বারোড বলেন, তামিমি ফিলিস্তিনের বিদ্রোহী যুবকদের আইকনে পরিণত হয়েছেন।

ফিলিস্তিনের প্রতিবাদের প্রতীক কিশোরী আহেদ তামিমিকে সম্মান জানাল স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। ছবি: টুইটার
ফিলিস্তিনের প্রতিবাদের প্রতীক কিশোরী আহেদ তামিমিকে সম্মান জানাল স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। ছবি: টুইটার

২০১৭ সালের ডিসেম্বরে পশ্চিম তীরের নবী সালেহ গ্রামে নিজেদের বাড়ির সামনে ইসরায়েলের সেনাদের দেখে নিজেকে আর সংযত করতে পারেনি তামিমি। ক্ষোভে ফেটে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা গেছে, প্রথমে মেয়েটি ইসরায়েলি সেনাদের সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। চিৎকার করতে থাকে। সেনারা তাকে সরে যেতে বলে। এ নিয়ে কথা-কাটাকাটি চলতে থাকে দুই পক্ষের মধ্যে। একপর্যায়ে এক ইসরায়েলি সেনার গালে চড় মারে কিশোরী তামিমি। এরপরই শুধু পশ্চিম তীর নয়, গোটা ফিলিস্তিনেই তামিমি প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন।

কিশোরীর সেই চড় হজম করতে পারেনি ইসরায়েলি সেনাসদস্যরা। ঘটনার কিছু সময় পর কিশোরী তামিমিকে গ্রেপ্তার করে নিয়ে যান তাঁরা। পরের দিন বাড়িতে হানা দিয়ে তছনছ করেন সব। মেয়ের সঙ্গে দেখা করতে পুলিশ স্টেশনে গেলে মা নারিমান আল তামিমিকেও গ্রেপ্তার করা হয়। এর আট মাস পর এ বছরের জুলাইয়ে মা-মেয়ে মুক্তি পান। তথ্যসূত্র: আল জাজিরা