সু চির ঘনিষ্ঠ নেতাকে ২০ বছরের কারাদণ্ড দিল জান্তা
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ডান হাত হিসেবে পরিচিত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা উইন হেটেনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা। উইন হেটেনের আইনজীবী বলেন, শুক্রবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে এ কারাদণ্ড দেওয়া হয়।
জান্তার একটি বিশেষ আদালত তাঁকে এ কারাদণ্ড দেন। তাঁকে কারাদণ্ড দেওয়ার মাধ্যমে প্রথম সাবেক সরকারের বড় কোনো নেতাকে সাজার ঘটনা ঘটল।
মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। এর পর থেকে দেশটিতে তুমুল বিক্ষোভ চলছে।
স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান দ্য অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) সম্প্রতি জানিয়েছে, সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ১০০ জনের বেশি নিহত হয়েছেন। এ ছাড়া দেশটিতে গ্রেপ্তার হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ।