গুলি করে ‘বেসামরিক’ ড্রোন ভূপাতিত করার পর তাইওয়ানের পক্ষ থেকে হুঁশিয়ার করে বলা হয়েছে, চীনের উচিত সংযমী আচরণ করা। তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া অবিলম্বে বন্ধ করা। স্থানীয় সময় আজ শুক্রবার তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চাং এ কথা বলেন। তিনি বলেন, গুলি করে ড্রোন নামানোর ঘটনা ‘উপযুক্ত জবাব’।
চীনের ভূখণ্ড থেকে কিছু দূরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপ শিয়ুতে গতকাল বৃহস্পতিবার একটি ‘বেসামরিক ড্রোন’ গুলি করে নামান তাইওয়ানের সেনারা। তাইওয়ানের দাবি, ড্রোনটি তাদের ‘সংরক্ষিত আকাশসীমায়’ ঢুকে পড়েছিল। গুলি করার পর সেটি সাগরে পড়েছে। চীন ও তাইওয়ানের মধ্যকার চলমান সামরিক–রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ধরনের ঘটনা এটাই প্রথম।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সু সেং-চাং সাংবাদিকদের বলেন, ‘আমাদের দোরগোড়ায় এসে সীমা লঙ্ঘন করা চীনের উচিত হবে না। দেশটি বারবার আমাদের হুঁশিয়ারি উপেক্ষা করছে। চীনের উচিত সংযমী আচরণ করা। তা না হলে আমাদের আর করার কিছু থাকবে না। আত্মরক্ষায় আমরা যেকোনো ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব।’
গুলি করে ড্রোন ভূপাতিত করার বিষয়ে তাইওয়ানের প্রধানমন্ত্রী বরেন, ‘আমরা কখনোই উসকানি দিইনি, দেবও না। তবে আমাদের পক্ষ থেকে এটা খুবই যথাযথ একটি কাজ, উপযুক্ত জবাব ছিল।’
যদিও ভূপাতিত হওয়া ড্রোনটি চীনের কি না, সেই বিষয়ে তাইওয়ান কিংবা বেইজিংয়ের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে তাইওয়ান বারবার অভিযোগ করে আসছে যে সামরিক মহড়ার নামে চীনের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ড্রোন তাদের আকাশ এবং জলসীমায় প্রবেশ করছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে, তাইওয়ানের আশপাশের এলাকায় সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে বেইজিং। চীনের ১৯টি সামরিক বিমান ও তিনটি জাহাজ শুক্রবার তাইওয়ানের পাশ দিয়ে গেছে। তবে এগুলো তাইওয়ানের সীমানায় প্রবেশ করেনি।
তবে তাইওয়ানের এমন অভিযোগের বিপরীতে চীনের পক্ষ থেকে পাল্টা ‘উসকানি দেওয়ার’ অভিযোগ তোলা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান আজ বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি অযথাই উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এর কোনো অর্থ নেই।’
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চীন। যদিও চীনের এই দাবি বরাবরই নাকচ করে এসেছে তাইওয়ান। এমনকি চীন সরকার তাইওয়ানে অর্থনীতি–রাজনীতিতে পশ্চিমা (বিশেষত যুক্তরাষ্ট্রের) প্রভাব বিস্তারের কড়া সমালোচক। গত মাসে তাইপেতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে তাইওয়ান–যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধ চরমে পৌঁছায়। তাঁর এ সফরকে অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো হিসেবে দেখছে বেইজিং।
পেলোসির সফরের প্রতিক্রিয়া হিসেবে তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। তাইওয়ানের অভিযোগ, মহড়ায় অংশ নেওয়া চীনা যুদ্ধবিমান ও ড্রোন হরহামেশা তাদের আকাশসীমায় প্রবেশ করছে। ইচ্ছাকৃতভাবে চীনা যুদ্ধজাহাজ তাদের জলসীমায় ঢুকছে। এর মধ্য দিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে চীন।
সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে তাইওয়ানের সেনাদের ড্রোন লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা যায়। এই ভিডিওর বিষয়ে সু সেং-চাং সাংবাদিকদের বলেন, ‘এসব চীনের নেতিবাচক প্রচারণার অংশ। এসবের মধ্য দিয়ে বেইজিং সাধারণ মানুষের মধ্যে তাইওয়ানের বিষয়ে ঘৃণা ছড়াতে চাইছে।’
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং–ওয়েন গত সপ্তাহে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘চীনের কাছে নতিস্বীকার করবে না তাইওয়ান। আক্রান্ত হলে অবশ্যই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।’ তাঁর এমন বক্তব্যের পরপরই গত মঙ্গলবার প্রথমবারের মতো একটি চীনা ড্রোন লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে তাইওয়ান। আর গতকাল তাইওয়ানের সেনাদের গুলিতে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে।