তাইওয়ান নিয়ে ‘শান্তি’ প্রস্তাবের জন্য মাস্ককে ধন্যবাদ যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের
তাইওয়ান নিয়ে ‘শান্তি’ প্রস্তাবের জন্য বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং। খবর এএনআইয়ের।
সাম্প্রতিক সময়ে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এই উত্তেজনা নিরসনে দিন কয়েক আগে একটি ‘শান্তি’ প্রস্তাব দেন বিশ্বের শীর্ষ ধনী মাস্ক। এই প্রস্তাবের জন্য গতকাল রোববার টুইট করে মাস্ককে ধন্যবাদ জানান কিন গ্যাং।
কিন গ্যাং বলেন, তাইওয়ান প্রণালিতে শান্তি প্রতিষ্ঠায় যে আহ্বান মাস্ক জানিয়েছেন, সে জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানাতে চান।
তাইওয়ানের জন্য একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে মাস্ক যে ধারণা দিয়েছেন, সে জন্যও তাঁকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।
গত শুক্রবার মাস্ক ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে একটি সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারে তিনি পরামর্শ দেন, তাইওয়ানকে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল করা যেতে পারে, যা যুক্তিসংগতভাবে প্রীতিকর হবে।
মাস্কের এই প্রস্তাব সমালোচনার মুখে পড়ে। তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে গত শনিবার বলা হয়, মাস্কের এই মন্তব্য শুধু জাতীয় সার্বভৌমত্বকেই লঙ্ঘন করে না, বরং তা গণতন্ত্রকেও ক্ষতিগ্রস্ত করে।
মাস্কের প্রস্তাবের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, তাইওয়ান ইস্যুটি চীনের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়। চীন বিদেশি বাহিনীর হস্তক্ষেপ দমন করবে।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।
গত আগস্টের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। তাঁর এ সফর চীনকে ক্ষুব্ধ করে। পেলোসির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ান ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করে চীন। এ মহড়া এখনো অব্যাহত, তবে তার মাত্রা এখন অনেকটাই কম।
তাইওয়ান নিয়ে পরামর্শের আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনেও প্রস্তাব দিয়েছিলেন মাস্ক। তাঁর এই প্রস্তাব ইউক্রেনীয়দের সমালোচনার মুখে পড়ে।