যুদ্ধে ১০–১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: জেলেনস্কির উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া
ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, যুদ্ধে তাঁর দেশের ১০ থেকে ১৩ হাজার সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের একটি টেলিভিশনকে এসব কথা বলেছেন তিনি। খবর বিবিসির

চলমান যুদ্ধে ঠিক কতসংখ্যক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন, তা প্রকাশ্যে বলাটা কিয়েভের জন্য বিরল ঘটনা। তবে পোদোলিয়াক যে সংখ্যার কথা বলেছেন, তার সত্যতা দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ইউক্রেনের চ্যানেল টোয়েন্টিফোরকে পোদোলিয়াক বলেন, নিহত মানুষের সংখ্যা নিয়ে কিয়েভ খোলাখুলিভাবে কথা বলছে। আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, ইউক্রেনীয় সেনাদের নিহত মানুষের সংখ্যা ১০ থেকে ১৩ হাজার পর্যন্ত।

আরও পড়ুন

পোদোলিয়াক মতে, যুদ্ধে বেসামরিক মানুষের প্রাণহানি সংখ্যাটা ‘গুরুতর’ হতে পারে।
গত জুন মাসের মাঝামাঝি বিবিসি বলেছিল, যুদ্ধে প্রায় ৩ হাজার ৬০০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যা এখন অনেক বেশি হতে পারে।

পোদোলিয়াকের ভাষ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় এক লাখ রুশ সেনা নিহত হয়েছেন। এক থেকে দেড় লাখের মতো রুশ সেনা আহত বা নিখোঁজ বা যুদ্ধক্ষেত্রে ফিরতে অক্ষম হয়েছেন।

গত জুনে পোদোলিয়াক বলেছিলেন, যুদ্ধে প্রতিদিন ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছেন।

গত মাসে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে বলেছিলেন, ইউক্রেনে এক লাখের বেশি রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। ইউক্রেনীয় বাহিনীর হতাহতের সংখ্যাও সম্ভবত একই।

গত বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়ন বলেন, যুদ্ধে ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন

অবশ্য পরে ইইউ কমিশনের এক মুখপাত্র এ বিষয়ে একটি ব্যাখ্যা দেন। তিনি বলেন, উরসুলার কথায় ভুল ছিল। এটি আসলে শুধু নিহত মানুষের সংখ্যা নয়, হতাহতের সংখ্যা।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষে হতাহতের যে পরিসংখ্যান বিভিন্ন পক্ষ দিচ্ছে, তা স্বাধীনভাবে যাচাই করে নিশ্চিত করতে পারেনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

আরও পড়ুন