পুতিনের ‘তাত্ত্বিক গুরুর’ মেয়ে দারিয়া পাচ্ছেন ‘শহীদের’ মর্যাদা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘তাত্ত্বিক গুরু’ আলেকসান্দর দুগিনের মেয়ে দারিয়া দাগিনাকে ‘শহীদ’–এর মর্যাদা দেওয়া হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় দারিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। গত শনিবার রাতে মস্কোর কাছে গাড়িবোমায় নিহত হন ২৯ বছর বয়সী সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার দারিয়া। খবর আল–জাজিরার।
দারিয়া মানুষের জন্য, রাশিয়ার জন্য প্রাণ দিয়েছে।আলেকসান্দর দুগিন, দারিয়া দাগিনার বাবা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘তাত্ত্বিক গুরু’
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আলেকসান্দর দুগিন বলেন, ‘দারিয়া মানুষের জন্য, রাশিয়ার জন্য প্রাণ দিয়েছে।’ এ সময় মেয়ের কফিনের পাশে দাঁড়িয়ে তিনি আরও বলেন, ‘সে (দারিয়া) বিজয়ী হিসেবে বসবাস করে গেছে, তার মৃত্যুও হয়েছে বিজয়ের জন্য। এটা আমাদের রাশিয়ানদের বিজয়, আমাদের বিশ্বাস, রাষ্ট্র ও মূল্যবোধের বিজয়।’
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, দারিয়া হত্যার প্রধান সন্দেহভাজন ব্যক্তির নাম নাটালিয়া ভভক। ৪৩ বছর বয়সী এই নারী ইউক্রেনের নাগরিক ও দেশটির নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত। তিনি ইউক্রেন সেনাবাহিনীর আজভ ব্যাটালিয়নের সদস্য। ইউক্রেন সেনাবাহিনীর এই ইউনিটকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আগেই চিহ্নিত করেছে রাশিয়া। রাশিয়ার অভিযোগকে ‘অপপ্রচার’ আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক।
শনিবার সন্ধ্যায় আলেকসান্দর দুগিন ও তাঁর মেয়ে দারিয়া মস্কোর কাছের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে দারিয়া তাঁর বাবার গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে গাড়িবোমা বিস্ফোরণে তিনি নিহত হন। রাশিয়ার তদন্তকারীরা বলছেন, চালকের দিকে গাড়িটির নিচে বিস্ফোরকযুক্ত যন্ত্র লাগানো ছিল। দূরনিয়ন্ত্রণে সেই যন্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়।
৬০ বছর বয়সী আলেকসান্দর দুগিন একজন দার্শনিক, জাতীয়তাবাদী রাজনৈতিক তাত্ত্বিক। তাঁকে রুশ প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তিনি পুতিনের ‘মস্তিষ্ক’ নামেও পরিচিত। ইউক্রেনে রুশ হামলার কট্টর সমর্থক দুগিন। তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বিশ্লেষকদের অনেকের মতে, হামলার লক্ষ্যবস্তু আলেকসান্দর দুগিন ছিলেন। তবে তিনি অন্য গাড়িতে থাকায় প্রাণে বেঁচে যান।
ইউক্রেনে রুশ হামলার ছয় মাসপূর্তি আজ বুধবার। এর আগে রুশ অভিজাতদের ওপর এটাই সবচেয়ে বড় আঘাত বিবেচনা করা হচ্ছে। দারিয়া হত্যার পর ইউক্রেনে মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, এর ফলে ইউক্রেনে প্রতিশোধমূলক হামলা জোরদার করতে পারে মস্কো।
অন্যদিকে দারিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করে বলেছেন, ‘এটা বর্বর অপরাধ। এই অপরাধের ক্ষমা নেই।’ লাভরভ আরও বলেন, ‘আশা করছি তদন্ত দ্রুত শেষ হবে। তদন্তের আলোকে যেই জড়িত থাক না কেন, তাঁকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’