ম্যানহোল থেকে বাড়ির ছাদ, কোথাও নিরাপত্তার ফাঁক রাখছে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
ছবি : রয়টার্স

রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষশ্রদ্ধা জানাতে মানুষের ঢল থামছেই না। গত বুধবার রানির কফিন লন্ডনের প্রাচীন ওয়েস্টমিনস্টার হলে রাখা হয়। শেষকৃত অনুষ্ঠানের আগপর্যন্ত কফিনটি সেখানেই রাখা হবে। আজ বৃহস্পতিবার শ্রদ্ধা জানাতে আসা মানুষের বড় সারি দেখা যায়। এ সারি তিন মাইল দূরের টেমস নদী পর্যন্ত গিয়ে ঠেকে। অনেকেই সারা রাত কাটিয়েছেন রাস্তায়।

আগামী সোমবার রানির শেষকৃত্য সম্পন্ন হবে। সেই শেষকৃত্যে অংশ নিতে লন্ডনে হাজির হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। বিশ্বনেতাদের উপস্থিতি ঘিরে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলো হামলার পরিকল্পনা করতে পারে—এমন আশঙ্কায় লন্ডন ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের ভবনগুলোর ছাদ থেকে ম্যানহোল পর্যন্ত সবখানেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

লন্ডনের রাজকীয় চার্চ ওয়েস্টমিনস্টার অ্যাবের উন্মুক্ত স্থানে শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকবেন বিশ্বনেতারা। তাই এর পাশে নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। রানিকে শেষ বিদায় জানানোর অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে দেখবেন বিশ্বের লাখো মানুষ।

সন্ত্রাস দমন পুলিশ বাহিনীর সঙ্গে গোয়েন্দা সংস্থা এমআইফাইভ এবং গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ) নিরাপত্তা জোরদারে কাজ করছে। লন্ডন পুলিশও জনবল বৃদ্ধি করেছে। সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নিরাপত্তাকর্মীরাও যোগ দিয়েছেন এ কাজে। সন্ত্রাসী হুমকি মোকাবিলার প্রাথমিক পর্যায়ে লন্ডনের জনগণকে চোখ-কান খোলা রাখতে বলেছে শহরের পুলিশ। অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু সামনে এলে তা সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতেও বলা হয়েছে।

লন্ডনের রাস্তায় শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার কাজে সহায়তার জন্য বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো থেকে কয়েক শ লোক নিয়োগ দিয়েছে ব্রিটিশ সরকার। গত মঙ্গলবার রাত থেকে গোর্খা ও প্যারাট্রুপার ইউনিট, রয়্যাল নেভি পুলিশ, রয়্যাল মিলিটারি পুলিশ এবং র‌য়্যাল এয়ারফোর্সের দেড় হাজার কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। সামরিক হেলিকপ্টার ওয়েস্টমিনস্টারের ওপর দিয়ে গোটা এলাকা পর্যবেক্ষণ করেছে। স্পর্শকাতর বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা, মোবাইল সিটিভি ক্যামেরাসহ অতিরিক্ত ক্যামেরা।

আরও পড়ুন

ওয়েস্টমিনস্টার অ্যাবের বিশাল এলাকায় নিরাপত্তা জোরদারে সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। প্রতিটি ম্যানহোলের ঢাকনা খুলে পরীক্ষা করা হচ্ছে। ল্যাম্পপোস্টগুলো খুলে পরীক্ষা করা হচ্ছে। কোথাও কোনো বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছে কি না, তাতে বাড়তি নজর থাকছে নিরাপত্তা বাহিনীর। ‘ডগ স্কোয়াড’ দিয়ে পুরো এলাকায় তল্লাশি চালানো শুরু করা হবে। সোমবার শেষকৃত্যানুষ্ঠানের সকালে ভবনগুলোর ছাদ থেকে অসংখ্য পুলিশ সদস্য নজরদারি চালাবেন।

লন্ডন পুলিশের উপসহকারী কমিশনার স্টুয়ার্ট কান্ডি বলেন, ‘এটা ভিন্ন রকমের আয়োজন, তবে আমরা আমাদের কাজে দক্ষ। কর্মকর্তারা ভালোভাবে প্রশিক্ষিত এবং এ ধরনের বড় ইভেন্টগুলোতে পুলিশি কার্যক্রম জোরদারের ক্ষেত্রেও অভিজ্ঞ।’

দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য তাঁর মা এলিজাবেথ ও পুত্রবধূ প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যানুষ্ঠানের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে এবার রানির শেষকৃত্যে গোটা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আগমনের কারণে নিরাপত্তার বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে। তা ছাড়া বর্তমান বিশ্ব বাস্তবতায় হুমকিও বেড়েছে।

শুক্রবার থেকেই বিদেশি অতিথিরা লন্ডনে পৌঁছাতে শুরু করবেন। তবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের উপস্থিতিকে। তাঁদের নিজস্ব নিরাপত্তা দলও কাজ করছে লন্ডনে।

রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীরা রোববার রাতে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন। পরের দিন সকালে তাঁরা শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাবেন। শুরুতে পরিকল্পনা ছিল, অতিথিদের যুক্তরাজ্য সরকারের দেওয়া বাসে সেখানে নেওয়া হবে। কিন্তু পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। বাইডেন তাঁর সুরক্ষিত ‘দ্য বিস্ট’ নামের গাড়িতে সেখানে যাবেন। অন্য রাষ্ট্রপ্রধানেরাও নিজস্ব ব্যবস্থাপনায় সেখানে যাবেন।

আরও পড়ুন
আরও পড়ুন