বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, বললেন কিয়েভের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিয়েভে ড্রোন হামলায় বিধ্বস্ত ভবন
ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কিয়েভ শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ কথা বলেছেন।

মেয়র ক্লিৎসকো বলেছেন, একটি পেট্রলস্টেশনের কাছে ড্রোন হামলাটি হয়েছে। কিয়েভের আকাশ–প্রতিরক্ষা বাহিনী শহরটির দিকে ধেয়ে আসা ২০টির বেশি ড্রোন ভূপাতিত করতে পেরেছে। ঘটনার সময় নগরবাসীকে সতর্ক করে বলা হয়, ‘নিরাপদ আশ্রয়ে থাকুন। বড় ধরনের হামলা হচ্ছে।’

আরও পড়ুন

ভিতালি ক্লিৎসকো বলেন, এ ঘটনায় ৪১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। ৩৫ বছর বয়সী এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্লিৎসকো আরও বলেন, হোলোসিভস্কি জেলায় একটি কোম্পানির কার্যালয় প্রাঙ্গণে আগুন ছড়িয়ে পড়েছিল।

মে মাসজুড়ে রুশ বাহিনী কিয়েভে হামলা চালিয়েছে। স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো গত শুক্রবার বলেছেন, মে মাসে ১৩টি হামলা হয়েছে।

আরও পড়ুন

কয়েক সপ্তাহ ধরে রাশিয়ায়ও ড্রোন হামলার সংখ্যা কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ইউক্রেনের সীমান্তসংলগ্ন এলাকায় হামলা বেড়েছে।

আঞ্চলিক কর্তৃপক্ষ বলছে, গতকাল শনিবার এসব এলাকায় গোলা হামলায় দুজন নিহত হয়েছেন।

ক্রেমলিনসহ বিভিন্ন জায়গায় হামলার জন্য কিয়েভ এবং তাদের পশ্চিমা সমর্থকদের দায়ী করেছে মস্কো। তবে ইউক্রেন বলছে, এসব হামলায় তাদের সম্পৃক্ততা নেই।

আরও পড়ুন