ইউক্রেনকে আরও সহযোগিতা দেবে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড
ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ করে রাশিয়ার কাছ থেকে সাতটি গ্রাম ছিনিয়ে নিয়েছে। এ পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর শলৎজ ও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা আলোচনা করলেন, কী করে ইউক্রেনকে এই বিষয়ে আরও সাহায্য করা হবে। গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এই তিন নেতা বৈঠকে বসেন।
এমানুয়েল মাখোঁ বলেন, ‘আমরা ইউক্রেনকে যথাসম্ভব সাহায্য করব। আমরা ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক গাড়ি দিয়ে সাহায্য করছি। আগামী দিন ও সপ্তাহে সেই সাহায্য করে যাব।’
ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ আরও বলেন, ‘ইউক্রেনের এই পাল্টা আঘাত হানা আগামী বেশ কয়েক সপ্তাহ বা কয়েক মাস চালু থাকবে। আমরা ইউক্রেনের পাশে থাকব। তারা যাতে আরও এলাকা নিজেদের অধীন নিয়ে আসতে পারে, তা দেখব। তাহলেই ভালো অবস্থায় থেকে আলোচনা শুরু করতে পারব।’
ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতি
প্রথমে গত সোমবার প্যারিসে পৌঁছান দুদা। তারপর আসেন শলৎজ। দুদা বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রস্তাব এবার অনুমোদন করা উচিত।
ইউক্রেনও আবেদন জানিয়েছে, ন্যাটোর শীর্ষ সম্মেলনে যেন তাদের আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁরা ন্যাটো-ইউক্রেন কমিশনের জায়গায় নতুন ন্যাটো-ইউক্রেন কাউন্সিল গঠন করার কথা বলেছেন। তাঁরা মূলত নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলবেন ও সিদ্ধান্ত নেবেন।
শলৎজ বলেন, ‘এখন প্রয়োজন হলো, ইউক্রেনকে সাহায্য করে যাওয়া। যত দিন দরকার আমরা সেটাই করে যাব।’
কেন একজোট ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড
১৯৯১ সালে জার্মানির ওয়েইমারে পোল্যান্ড, ফ্রান্স ও জার্মানি একসঙ্গে বৈঠক করে। এর নাম হয় ওয়েইমার ত্রিভুজ। এই বৈঠকের উদ্দেশ্য ছিল পোল্যান্ডসহ সাবেক সোভিয়েত দেশগুলোকে ন্যাটোর কাছে নিয়ে আসা।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর পুরো প্রেক্ষাপট বদলে যায়। ২০২২-এর ফেব্রুয়ারিতে তিন দেশের নেতারা একজোট হয়েছিলেন। আবার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মিউনিখে তাঁরা বৈঠক করেন।
রাশিয়া নিয়ে পোল্যান্ড কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে। দুদা অতীতে বেশ কয়েকবার রাশিয়ার প্রতি নরম মনোভাব দেখানোর জন্য জার্মানি ও ফ্রান্সের কড়া সমালোচনা করেছেন।