ইউক্রেনের মধ্যাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩
ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ভিনিৎসিয়ায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় ৩ শিশুসহ অন্তত ২৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। খবর রয়টার্সের।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মূল লড়াই ক্ষেত্র ও রাশিয়ার সেনাদের অবস্থান থেকে কয়েক শ কিলোমিটার দূরের শহর ভিনিৎসিয়ায় এ হামলা হয়। রুশ বাহিনীর হামলার এ ঘটনা এমন সময়ে ঘটে, যখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা হেগে বৈঠক করছিলেন।
নেদারল্যান্ডসের হেগে সমবেত ইইউ কর্মকর্তাদের বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, আটটি রকেট দিয়ে এ হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে শহরের প্রাণকেন্দ্রে। ২০ জন মানুষ মারা গেছেন, এর মধ্যে ৩টি শিশু আছে। এ ছাড়া হামলায় বহুসংখ্যক মানুষ আহত হয়েছেন।
পরে অবশ্য উদ্ধারকর্মীরা নিহত ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে ২৩ জনের মৃত্যুর কথা জানান। উদ্ধারকর্মীরা জানান, আরও ৩৯ জনের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, শহরে বেসামরিক ব্যক্তিদের ওপর এ হামলায় তিনি শঙ্কিত। তিনি এর জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান। এদিকে ইইউ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে নৃশংসতা বলে অভিহিত করেছে। রাশিয়াকে জবাবদিহির আওতায় আনার দাবি তুলেছে এই জোট।